সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ

সুন্দরবনের সংরক্ষিত বনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ এর ক্ষমতাবলে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চতুর্দিকে বিস্তৃত ১০ কিলোমিটার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)-এর মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করা হল।’

এক্ষেত্রে আরও বলা হয়, ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার আলোকে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা যাবে।’