দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি: উপদেষ্টা ফারুক ই আজম

দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আজ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থান, নদীর সংখ্যাধিক্য, ঘন বসতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি।’

উপদেষ্টা আরও বলেন, ‘বাস্তবতা অনুধাবন করে সরকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করেছে। প্রচলিত জরুরি সাড়াদান, ত্রাণ ও পুনরুদ্ধার নির্ভর পদ্ধতির পরিবর্তে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি হ্রাস, সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই পুনর্গঠন-এর ওপর এখন সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসই সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর করার উপলব্ধি থেকেই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে একটি ধারাবাহিক, প্রাতিষ্ঠানিক ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া হিসেবে গড়ে তোলা হচ্ছে।’

উপদেষ্টা বলেন, ‘অনেক জায়গায় একই স্থানে স্কুল কাম সাইক্লোন শেল্টার তৈরি না করে দুর্যোগপ্রবণ এলাকায় করলে মানুষ বেশি উপকৃত হতো।’ 

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ ব্যতিক্রম হিসেবে এ বছর দিবসটি রাজধানীর বাইরে দুর্যোগপ্রবণ অঞ্চল বরিশালে আয়োজিত হচ্ছে। এ সময় প্রশিক্ষিত ভলানটিয়ার সমস্যা নিরসনে আনসার ও ভিডিপি কে সম্পৃক্ত করার প্রক্রিয়া আরম্ভ করা সহ নানা ধরনের পরিকল্পনার কথা জানান উপদেষ্টা।

বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর পটুয়াখালী বরগুনা ও ভোলা এসব দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে দুর্যোগ প্রশমন এর জন্য সরকার কর্তৃক নির্মিত ঘূর্ণিঝড় সেল্টারগুলো এবং বন্যা সেক্টরগুলো যেগুলো সরকার নির্মাণ করেছে বর্তমান অবস্থা কি এবং আগামীতে যেগুলো নির্মাণ হতে যাচ্ছে সেগুলো যথার্থ জায়গায় নির্মাণ করার জন্য নির্ধারণ করা হয়েছে কিনা এটা নির্ণয় করতেই বিভিন্ন স্থান পরিদর্শন করছেন বলে জানান উপদেষ্টা।

এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বরিশালের বিভাগীয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। পরে দিবসটি উপলক্ষে শহরের বেলস্ পার্ক মাঠে মহড়া অনুষ্ঠিত হয়।