দক্ষিণপূর্ব ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘মন্থা’। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
আজ সোমবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ঘূর্ণিঝড় ‘মন্থা’ আজ ভোররাত ৩টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। তবে এর তেমন কোনো প্রভাব না পড়লেও পটুয়াখালীতে এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে। সেই সঙ্গে গরমের তীব্রতা বেড়েছে। ঘূর্ণিঝড় মন্থা আরও ঘনীভূত হতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।