ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা

শুক্রবারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবারও ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীর বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, ১ মিনিটের মধ্যে দুটি কম্পান অনুভূত হয়। এর একটির মাত্রা ছিল ৩ দশমিক ৭ এবং আরেকটির ৪ দশমিক ৩। একটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা, আরেকটি নরসিংদী।

শনিবারের ভূমিকম্পটি আগের দিনের আফটারশক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সকালে নরসিংদীর পলাশ উপজেলায়ও ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিটে ১২ সেকেন্ডের এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত সহকারী নিজাম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

এটি একটি মাইনর ভূমিকম্প বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৬ সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত হয়েছেন কয়েকশ মানুষ।