গত এক দশকে সেন্টমার্টিনের সৈকত আর কৃষিজমি দখল হয়েছে আগের তুলনায় দ্বিগুণ হারে। পর্যটন খাত উন্নয়নের নামে দখল হয়েছে ৮৬ হেক্টর জমি। এ অবস্থায় দ্বীপের পর্যটন খাতের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। আগামী বছর থেকে দৈনিক পর্যটকের সংখ্যা এক হাজারে সীমিত করার কথা ভাবা হচ্ছে। ভ্রমণের বিধি-নিষেধ মানা না হলে পর্যটন ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টার।
খোঁজ নিয়ে গেছে, নয়নাভিরাম সেইন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকায় একটি বড় জলাধার আছে। উত্তর ও দক্ষিণপাড়া মিলে রয়েছে তিনটি লেগুন। যেগুলো জোয়ারের সময় সাগরের পানিতে ডুবে থাকে। তব কয়েক বছর ধরে সংশ্লিষ্ট স্লুইস গেটটি অকেজো হয়ে থাকায় ভাটার পানি আর নামতে পারছে না।
গবেষকেরা বলছেন, সেন্টমার্টিন প্রবাল বেষ্টিত একটি পাথুরে দ্বীপ। এর চারপাশের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা প্রবাল প্রাচীরই এর বেড়িবাধ। জোয়ারে পানিতে আসা মাছে এখানের উপ-হৃদ বা লেগুন পূর্ণ থাকত। এতে পাখি ও স্থানীয়দের মাছের চাহিদা মিটতো। তাই দ্বীপে সচল জলাধার বা লেগুন থাকা জরুরি।
পরিবেশ অধিদপ্তর বলছে, এক দশকে পর্যটন খাতের বিকাশের ফলে, দ্বীপটির আট ভাগ কৃষি জমি কমে গেছে। দ্বীপের মোট আবাসিক এলাকা ৪৫ হেক্টর থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৮৬ হেক্টরে। প্রতিবছরই বাড়ছে সৈকত আর প্যারাবনের দখল। তাই সংকটাপন্ন এই দ্বীপ রক্ষায় পর্যটন ব্যবসায়ীদের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে চায় সরকার। পর্যটন মৌসুমে এবছর প্রতিদিন দুই হাজার পর্যটকদের ভ্রমণের অনুমোদন দিলেও আগামী মৌসুম থেকে তা কমে এক হাজার করা হতে পারে।
সেন্টমার্টিনের উত্তর পাড়ের চার কিলোমিটার সৈকত এলাকা পর্যটকদের জন্য বরাদ্দ থাকছে। তবে দক্ষিণ পাড় থেকে ছেঁড়াদিয়া অংশে সর্বসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হবে আগামী বছর থেকে।