নানা ফুলের রঙে সেজেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। যানবাহনের কোলাহলে মুখর এই সড়কের সৌন্দর্যে মুগ্ধ পরিবহন চালক ও যাত্রীরা। সড়ক বিভাজকের ওপরে থাকা লালচে গোলাপি ও সাদা ফুলের বর্ণিল ছটা যেন অভ্যর্থনা জানাচ্ছে এই সড়কে চলাচলকারীদের। ফুলের এমন অপরূপ দৃশ্য দেখতে আশপাশের এলাকা থেকেও আসছেন দর্শনার্থীরা।
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে শুরু ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সামনে কয়েক কিলোমিটার গেলেই চোখে পড়ে মহাসড়কের দুই পাশে ভাওয়ালের শাল গজারি বন। এরই মধ্যে সৌন্দর্য ছড়াচ্ছে সড়ক বিভাজকে থাকা লালচে গোলাপি ও সাদা ফুল, যা চোখ জুড়াচ্ছে চালক ও যাত্রীদের।
আগত দর্শনার্থীদের একজন জানালেন, রোডের মাঝখানে এরকম ফুল গাছ রোপণ করা উচিৎ সারা বাংলাদেশেই। আরেক জন বললেন, হাইওয়েতে যে গাছগুলো লাগিয়েছে এগুলোর যদি যত্ন নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে।
মহাসড়কটির বিভাজকের ওপর গাছের মধ্যে রয়েছে নীল কাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, জোড়া টগর, রাধাচূড়া, পলাশ, গৌরীচূড়া, কদম, কাঠ বাদাম, জারুল ও রক্ত করবীসহ নানা প্রজাতির ফুলের গাছ। বছরজুড়েই ফুল ফোটে এসব গাছে।
মুগ্ধ এক দর্শনার্থী বললেন, রাস্তার চারেপাশে গাড়িঘোড়া যাচ্ছে, দেখে সুন্দর লাগছে।
ফুলের সৌন্দর্যে মুগ্ধ হতে অনেক দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এখানে। এমনই একজন জানালেন, আমাদের বাড়ি অনেক দূরে। মোবাইলে এই জায়গাটি নিয়ে অনেকের ভিডিও দেখেছি, শুনেছি অনেক সুন্দর জায়গা। তাই আমরা ঘুরতে এসেছি।
৯০ কিলোমিটারের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২৭ কিলোমিটারে সড়ক বিভাজকে লাগানো এসব নানা জাতের ফুল গাছের নিয়মিত পরিচর্যাও করা হয়। দৃষ্টিনন্দন এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাখছে অবদান।