ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, বৃষ্টি আরও ৪-৫ দিন

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আরও ৪ থেকে ৫ দিন বৃষ্টি থাকবে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে।

এদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, ঢাকা আর সিলেটসহ ১৭ অঞ্চলেএ পরিস্থিতি বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঝুঁকি বেশি থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি কিশোরগঞ্জের নিকলিতে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আগামী ৪ থেকে ৫ দিন থাকবে। 

তিনি আরও বলেন, পশ্চিমা লঘু চাপের কারণে আগাম মৌসুমী বৃষ্টি হয়। আগাম বৃষ্টি হওয়ায় এ সময়ের বৃষ্টিতে বজ্রপাত হবে, তাই সবচেয়ে সতর্ক থাকতে হবে।