গত কয়দিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। গতকাল রাত থেকে তা যেন আরও বেড়েছে। রাত পেরিয়ে আজ সকালেও ছিল ব্যাপক বৃষ্টি, এখন দুপুর– বৃষ্টি সেই অর্থে কমেনি। এমন বৃষ্টি আরও অন্তত ২৪ ঘণ্টা থাকতে পারে।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বার্তায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে জানানো হয়, সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
অধিদপ্তর বলছে, পরবর্তী পাঁচদিনেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিশ এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান আছে।