আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা

গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে টানা ও ভারী বর্ষণ। আজও দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভিন্ন এলাকায় আরও একদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে কয়েকটি বিভাগে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে রাজধানীসহ বেশিরভাগ অঞ্চলে টানা কয়েকদিনের বৃষ্টিতে ব্যাহত জনজীবন। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা। 

সোমবারও রাজধানীতে বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমে আসবে তবে বৃষ্টি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। 

রংপুর, ময়মনসিংহসহ কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। 

হাফিজুর রহমান বলেন, ‘রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।’ 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।