পরগাছার আক্রমণে বিপন্ন সুন্দরী গাছ

পরগাছার আক্রমণে বিপন্ন সুন্দরবনের প্রাণ সুন্দরী গাছ। শুকিয়ে যাচ্ছে গাছ। বিবর্ণ পাতা। হুমকিতে ম্যানগ্রোভ বনের পরিবেশগত ভারসাম্য ও স্থানীয়দের জীবন-জীবিকা। বনবিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা বৃদ্ধির কারণে বাড়ছে পরগাছার বিস্তার।

সুন্দরবনে সুন্দরী গাছের আগা মরা রোগের সাথে এবার নতুন কোরে দেখা দিয়েছে পরগাছার আক্রমণ। 

বন বিভাগের তথ্য মতে, শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ সুন্দরী গাছই ক্ষতিকর পরজীবীতে ছেয়ে গেছে। শাখা-প্রশাখা পেরিয়ে ছড়িয়ে পড়ছে মূল কাণ্ডেও। ফলে পাতা বিবর্ণ হয়ে শুকিয়ে মারা যাচ্ছে শতবর্ষী এসব গাছ।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে লবণাক্ততা বৃদ্ধি, নদীর পানিপ্রবাহ কমে যাওয়া এবং পলি জমে জমে মাটি উঁচু হয়ে যাওয়ায় গাছ দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে বাড়ছে পরগাছা ও ছত্রাকের আক্রমণ। 

বাগেরহাট পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, ‘দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে সুন্দরবনের বাস্তুতন্ত্রে এর ক্ষতিকর প্রভাব পড়ার শঙ্কা করা হচ্ছে।’

বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘পরগাছা দমনে গবেষণার উদ্যোগ নেওয়া জরুরি।’

পরিবেশ আন্দোলনকর্মীরা বলছেন, সুন্দরী বিপন্ন হলে শুধু সুন্দরবনই নয়, উপকূলের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা্, জীববৈচিত্র্য ও লাখো মানুষের জীবিকা হুমকিতে পড়বে।