মানুষ অনেক সময় ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন। দুঃস্বপ্নে মানসিক বা শারীরিক ভীতি বা আতঙ্ক সৃষ্টি করার মতো পরিস্থিতি থাকে। দুঃস্বপ্নের পুনরাবৃত্তি ঘটতে থাকলে চিকিৎসার প্রয়োজন দেখা দিতে পারে। কেননা তা ঘুমের ব্যাঘাত এবং নিদ্রাহীনতা সৃষ্টি করতে পারে।
স্ট্রেস বা মানসিকচাপজনিত দুঃস্বপ্ন
কখনো কখনো সারা দিনের স্ট্রেস বা মানসিক চাপ রাতের দুঃস্বপ্ন হয়ে দেখা দেয়। ফলে ঘুম ভাঙলে ক্লান্তি বা দুশ্চিন্তা দেখা দিতে পারে। দুঃস্বপ্ন দুশ্চিন্তার একটি উপসর্গ। একে সাধারণ দুঃস্বপ্ন বলে বাদ দেওয়া যেতে পারে না। কারণ এতে ভোগান্তি ও হতাশার মাত্রা বেশি থাকে। দুঃস্বপ্ন থেকে তৈরি হয় তীব্র ভীতিকর পরিস্থিতি। এই ভয়ের রেশ দীর্ঘসময় ধরে টিকে থাকে। আসল কথা হল, দিনের বেলায় যখন আমরা কোনো সমস্যার সমাধান করতে পারি না, তখনই সেই ভাবনাগুলো স্ট্রেসজনিত দুঃস্বপ্ন হয়ে রাতে হানা দেয়।
কিছু স্ট্রেসজনিত দুঃস্বপ্নের উদাহরণ
১. মুখের দাঁত পড়ে যাচ্ছে
এটা সম্ভবত সব থেকে বেশি দেখা স্ট্রেসজনিত দুঃস্বপ্ন। এর একাধিক ব্যাখ্যা থাকলেও সব থেকে বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো, আপনি আপনার চেহারা ও আত্মঅভিমান নিয়ে ভুগছেন, নিজেকে ক্ষমতাহীন ভাবছেন। সাধারণত ভয়, প্রত্যাখ্যান, বিব্রতবোধ অথবা নিজেকে অনাকর্ষণীয় ভাবার সঙ্গে এ ধরনের দুঃস্বপ্ন সম্পৃক্ত। আপনার দাঁত হারিয়ে যাচ্ছে মানে, আপনার কথা বলা কঠিন হয়ে যাচ্ছে। তার মানে কারো কারো সঙ্গে আপনার যোগাযোগ কঠিন হয়ে যাচ্ছে। অথবা আপনি নিজেকে ঠিকমতো প্রকাশ করতে পারছেন না। এই ধরনের দুঃস্বপ্ন দুশ্চিন্তা থেকে তৈরি হয়।
২. গাড়ির সমস্যা
এই স্বপ্ন আমাদের জীবনের এলোমেলো দিকটির প্রতি ইঙ্গিত করে। যদি দেখেন যে আপনার গাড়ির নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তার অর্থ আপনার জীবনের গতিপথ ঠিক দিকে প্রবাহিত হচ্ছে না। যদি দেখেন অন্য কারোর গাড়ির নিয়ন্ত্রণ হারাচ্ছে, তার মানে তাদের জীবনের গতিপথ ঠিক দিকে নির্ধারণে আপনার সহায়তা প্রয়োজন। কে গাড়ি চালাচ্ছে, সেটাই ইঙ্গিত করে আপনার জীবনের দিকনিয়ন্ত্রণ কার হাতে। কখনো কখনো আমরা স্বপ্ন দেখি, গাড়ির ব্রেক ফেল করেছে অথবা গাড়ির স্টিয়ারিং ঠিকমতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর অর্থ হলো, আপনি জীবনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন।
৩. কেউ তাড়া করছে
স্বপ্নে নিজেকে পালাতে দেখার মানে প্রাত্যহিক জীবনে ভয় বা দুঃস্বপ্ন তাড়া করছে। এ ধরনের দুঃস্বপ্ন ইঙ্গিত করে আপনি কীভাবে দৈনন্দিন চাপ এবং স্ট্রেস থেকে দিনের পর দিন ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বিশেষ করে যারা সামাজিক পরিবেশে অন্যদের সঙ্গে মিশতে অস্বস্তিবোধ করেন (সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগেন), তারা এমন স্বপ্ন হরহামেশাই দেখেন।
৪. আকাশে ওড়া
স্বপ্নে নিজেকে আকাশে উড়তে দেখার বিষয়টি বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আকাশে ওড়ার সময়টা কষ্টদায়ক হলেও ইঙ্গিত করে যে, কেউ বা কোন কিছু আপনাকে জীবনের পরবর্তী ধাপে যেতে আটকে রাখছে। আপনি আকাশে উড়তে চাচ্ছেন, কিন্তু পারছেন না। এটা ইঙ্গিত করে যে, আপনি নিজের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেটা অনেক উচ্চমাত্রার। আবার একা একা ওড়া ইঙ্গিত করে আপনার আত্মবিশ্বাসহীনতা।
৫. পানিতে ডুবে যাওয়া
সম্ভবত এটা সব থেকে অপ্রীতিকর দুঃস্বপ্ন। এর অর্থ হচ্ছে, আমরা প্রচণ্ড মানসিক চাপ এবং কোন কিছু নিয়ে গভীরভাবে চিন্তিত।
৬. স্কুল
স্বপ্নে যদি দেখেন আপনি স্কুলে ফেরত গেছেন অথবা ক্লাস করছেন, এটি ইঙ্গিত করে চাকরি বা কর্মজীবনে আপনি চাপের মধ্যে আছেন। স্কুল আমাদের প্রথম কাজ ছিল। সেখান থেকেই আমরা দায়িত্ব নিতে শিখি। তাই প্রাপ্তবয়স্ক জীবনে কর্মক্ষেত্রে চাপ স্বপ্নে স্কুলের দিন হিসেবে ফেরত আসে।
৭. পড়ে যাওয়া
স্বপ্নে পড়ে যাচ্ছি দেখার অর্থ, আপনি নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তায় ভুগছেন। এমন দুঃস্বপ্নে বুক ধক ধক করতে থাকে। এর অর্থ, আপনি খুব শক্তভাবে নির্দিষ্ট কোন অবস্থায় ঝুলছেন। এ ধরনের স্বপ্ন আপনি জীবনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন সেটাও ইঙ্গিত করে। যদি আপনি প্রায়ই দেখেন যে, উপর থেকে পড়ে যাচ্ছেন, তবে আপনার পেশাগত জীবন, পড়াশোনার জীবন অথবা আন্তঃসম্পর্কগুলোর দিকে খেয়াল করুন। তবে যদি স্বপ্নে দেখেন যে, আপনি আনন্দের সাথে পড়ে যাচ্ছেন, তার অর্থ হচ্ছে পরিস্থিতি বদলালেও আপনি সেটাতে ভীত নন এবং এই বদলের বা পরিবর্তনের সৌন্দর্যকে গ্রহণ করতে আপনি উৎসুক।
৮. দেরি হয়ে যাওয়া
স্বপ্নে দেখলেন, আপনি কোথাও যাচ্ছেন কিন্তু বাস বা প্লেন বা বাহন ছুটে গেল। এই ধরনের স্বপ্নের ক্ষেত্রে বাস্তবের সাথে এত মিল থাকে যে, ঘুম থেকে উঠেও মনে হয় যে আমি কোথায়! আমরা হতবিহ্বল হয়ে চারপাশে তাকাই। এ ধরনের স্বপ্ন ইঙ্গিত করে যে, বাস্তব জীবনে আপনার সময় কম। ঠিকমতো সময়কে ব্যবহার করতে পারছেন না। জীবনের বিভিন্ন দিকে খেয়াল করুন, কোথায় আপনি টাইম ম্যানেজমেন্ট পারেন না এবং চাপ অনুভব করেন - সেটা খুঁজে বের করা জরুরি। এ ধরনের স্বপ্ন ইঙ্গিত করে যে, আপনি চিন্তা করছেন জীবনের ভিন্ন পথে প্রবাহিত হওয়ার ফলাফল নিয়ে। আপনি শতভাগ নিশ্চিন্ত নন এই দিকবদলের। আপনার অবচেতন মন বলছে যে, আপনি যা চান সেটা শুরু করার এখনো দেরি হয়ে যায়নি।
৯. পরীক্ষার হলে পড়ালেখা না করে যাওয়া
স্বপ্নে দেখতে পারেন যে, পরীক্ষার হলে গিয়ে পেলেন গণিত পরীক্ষা, কিন্তু আপনি গেছেন প্রস্তুতি ছাড়া। এই দুঃস্বপ্ন কিন্তু একটু বড় শিশুরাও দেখে। এখানে স্বপ্ন ইঙ্গিত করে আত্মবিশ্বাসহীনতা এবং জীবনের পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার অক্ষমতাকে।
১০. চুল পড়ে যাওয়া
চুল পড়ে যাওয়ার দুঃস্বপ্ন ইঙ্গিত করে যে, আপনি কিছু হারিয়ে ফেলছেন বলে অনুভব করছেন। রূপকের আড়ালে এটা হতে পারে যৌবন হারিয়ে ফেলা অথবা আপনার সংগ্রহে থাকা দামি কিছু হারিয়ে ফেলা। এই দুঃস্বপ্ন ইঙ্গিত করে কোনো কিছু নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত। ঠান্ডা মাথায় নিজের দুশ্চিন্তার কারণ অনুধাবন করা শ্রেয়।
লেখক: চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ