২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবার প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। আর মোট পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৬৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, এ বছর মোট ১ লাখ ২০ হাজার ৪৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন। এরমধ্যে পুরুষ শিক্ষার্থী পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন এবং নারী ৫০ হাজার ৫১৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫ হাজার ৬৪৫টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন। আর পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
ফলাফলের বিস্তারিত দেখা যাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে dgme.gov.bd-তে।