নেত্রকোণায় নবজাতকদের বিশেষ সেবা, শিশুমৃত্যু কমেছে ৯০ ভাগ

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে স্পেশাল কেয়ার নিওনেটাল ইউনিট স্ক্যানু চালুর পর শিশু মৃত্যু কমেছে প্রায় ৯০ ভাগ। জন্মের পর থেকে ২৮ দিন বয়সী শিশুদের রোগ নিরাময়ে দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা। তবে প্রয়োজনীয় লোকবলের অভাবে কাঙ্খিত সেবা দেয়া সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

তাপমাত্রা নিয়ন্ত্রিত অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা সম্বলিত এই স্পেশাল কেয়ার নিউনেটাল ইউনিট স্ক্যানুতে সেবা দেওয়া হয় জন্মের পর শ্বাসকষ্ট জনিত রোগ অপরিণত শিশু ও কম ওজন নিয়ে জন্ম নেয়া নবজাতকদের।

২০ সিটের এই ইউনিট চালুর আগে জটিল রোগে আক্রান্ত শিশুদের যেতে হতো ঢাকা বা ময়মনসিংহে। অনেকেই টাকার অভাবে যেতে না পেরে শিশুদের চিকিৎসা করাতে পারতেন না। বর্তমানে নেত্রকোণা ছাড়াও আশপাশের জেলা থেকেও শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা।

সব ধরনের সুবিধা থাকালেও সিট সংকট ও চিকিৎসক সেবিকাসহ জনবল কম থাকায় কাঙ্খিত সেবা দিতে না পারার কথা জানিয়েছেন চিকিৎসকেরা।

২০১৪ সালে ইউনিসেফের সহযোগিতায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মা ও শিশু ওয়ার্ডে নবজাতকদের উন্নত চিকিৎসায় নেয়া হয় বিশেষ এ উদ্যোগ। এ পর্যন্ত এখানে প্রায় সাড়ে ছয় হাজার নবজাতককে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ।