ডেঙ্গু মোকাবিলায় সহযোগিতা না করলে জরিমানা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় নাগরিকরা সহযোগিতা না করলে প্রয়োজনে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ শনিবার রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন করে তিনি এই হুঁশিয়ারি দেন। এসময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা চেয়েছেন ঢাকার দুই সিটির প্রশাসক।

বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর আতঙ্ক। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী মশক নিধন ও সচেতনতা কার্যক্রম।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সহযোগিতার ওপর গুরুত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। রবীন্দ্র সরোবরে জমায়েত নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, পানিতে জমে থাকা লার্ভা থেকেই মশা উৎপন্ন হবে। এই মাশাই আপনাকে কামড়াবে এবং আপনার ডেঙ্গু হবে। এক্ষেত্রে মশার জন্ম হলো আপনার কারণে, মশার পুরো ক্ষেত্র আপনার ওখানে। সেটাকে যদি ধ্বংস না করেন তাহলেতো হবে না।  

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন সতর্ক করে বলেন, এবার ডেঙ্গুর হেমোরেজিক ধরণ বেশি দেখা যেতে পারে। নাগরিকদের সহযোগিতা না থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, 'ডাক্তার সাহেবরা ইঙ্গিত দিচ্ছেন যে, এবার হেমোরেজিক হতে পারে। অর্থাৎ, রক্তক্ষরণ হতে পারে, যেটা জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।' 

এসময় সিটি কর্পোরেশন কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, 'মোবাইল টিম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, যেখানে লার্ভা পাওয়া যাবে, অপরিষ্কার বর্জ্য পানি পাওয়া যাবে, ওই বাড়িতে জরিমানা করতে হবে। এছাড়া কোনো গত্যন্তর আমাদের হাতে আর নাই।  

এদিকে, গুলশানে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, এডিস মশা নির্মূলে সম্মিলিত উদ্যোগ জরুরি। 

পরবর্তীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় র‍্যালি করে ঢাকা দুই সিটি কর্পোরেশন।