দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই চার শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৭২ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের শরীরে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন। আর হামের উপসর্গ দেখা গেছে ৮৬ হাজার ৯২৩ জনের দেহে।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭২ জন।