টিকা দেওয়ার পরও হামের সংক্রমণ না কমার কারণ অপুষ্টি, বলছেন বিশেষজ্ঞরা। পুষ্টিহীনতায় শরীরে কম অ্যান্টিবডি তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন তারা। এ কারণে এখনও, হাজারের ওপরে শিশুর হামে আক্রান্তের খবর মিলছে প্রতিদিন। রাজধানীর শিশু এবং ডিএনসিসি হাসপাতালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩৫ শতাংশ রোগীর বয়স ১০ মাস থেকে ৫ বছরের মধ্যে। এমন বাস্তবতায়, ভিটামিন-এ ক্যাম্পেইন চালাবে সরকার।
হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছুঁই-ছুঁই। আক্রান্তের সংখ্যা এক লাখ ৬ হাজারের বেশি। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ১ কোটি ৮২ লাখ শিশুকের হামের টিকা দেওয়া হলেও, সংক্রমণ কমেনি। মৃত্যুও হচ্ছে প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন, টিকা পেলেও, অপুষ্টির কারণে অনেক শিশুর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হচ্ছে না।
শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা.মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, ‘আগে বছরের পর বছর ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের মধ্যে তারা আওতাধীন হতো। এইটা থেকে কিন্তু তারা বঞ্চিত ছিল। ভিটামিন এ এর ক্যাম্পেইন এবং পুষ্টি বাড়ানোর যে ক্যাম্পেইন এগুলো যখন সচল হবে দ্রুত বিষয়টি নিয়ন্ত্রণে আসবে।’
শুধু হাম নয়, যেকোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টির প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
এমন বাস্তবতায়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সীদের জন্য শুরু হচ্ছে ভিটামিন-এ ক্যাম্পেইন। আগামী ২৮ জুন প্রায় ২ কোটি ৩৫ লাখ শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার পরিকল্পনা সরকারের।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা.মোহাম্মদ ইউনুস আলী বলেন, ‘২০২৬ সালের প্রথম রাউন্ডটা আগামী ২৮ জুন (রোববার) সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশব্যাপী ক্যাম্পেইনটা বাস্তবায়িত হবে। এর মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী বাচ্চাদের আমরা এই ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াবো।’
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.জাহিদ রায়হান বলেন, ‘আমরা ক্যাপসুলটা আক্রান্ত এবং অনাক্রান্ত সবাইকে খাওয়াবো ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুষ্টির প্রশ্নটা এখানে ওতপ্রোতভাবে জড়িত। কারণ যতগুলো বাচ্চা আক্রান্ত হয়েছে এরা কম-বেশি সবাই অপুষ্টির শিকার। অ্যাপ্লিয়েন্ট বা ওয়েল অব ফ্যামিলির রোগী খুবই কম। সুতরাং পুষ্টিটাকে আমরা প্রধান হিসেবেই ধরব।’
যেসব শিশুকে হামে আক্রান্ত অবস্থায় ভিটামিন-এ ক্যাপসুল দেয়া হয়েছে, এবার তাদের ভিটামিন দেয়া যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।