চলতি বছর ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৭১, বরিশাল বিভাগে ৬৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬, খুলনা বিভাগে ৪৫, ময়মনসিংহ বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ৩০, রংপুর বিভাগে ২৬ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৩ জন মারা গেছেন। এ ছাড়া ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগে ৬ জন করে মোট ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫, রাজশাহী বিভাগে ৩ এবং রংপুর বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।