রাজধানীর মুগদা হাসপাতাল

অনিয়মের সত্যতা মিলেছে, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে বেসরকারি ডায়াগনস্টিক কর্মীদের রক্ত সংগ্রহ পুরোপুরি বেআইনি। সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রচার করে ইনডিপেনডেন্ট টেলিভিশন।

পূর্ব ঘোষণা না দিয়েই শুক্রবার সকালে মুগদা হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালে ব্যবস্থা থাকার পরও বাইরের ডায়াগনস্টিকের কর্মীরা পরীক্ষার জন্য রোগীর রক্ত সংগ্রহ করছেন।

ডেঙ্গু ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী, সত্যতা পান অভিযোগের। বেশিরভাগ রোগীর কাছে পাওয়া যায় বাইরের ডায়াগনস্টিকের রক্ত পরীক্ষার রিপোর্ট। রোগী ও স্বজনদের অভিযোগ, এখানকার নার্সদের কাছে সহযোগিতা পাওয়া যায় না। বাংলাদেশ হচ্ছে এমন অনেকগুল কাজ করা সম্ভব হচ্ছে না বলেই জানান তিনি।  

স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে মুগদা হাসপাতালে ভর্তি এক রোগী জানান, একটা লোক এসে রক্ত নিয়ে গেছে, ৩০০ টাকা নিয়েছে। এসময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনেকেই নানা অভিযোগ তুলে ধরেন। এরপর একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসককে ডাকেন মন্ত্রী। তার কাছে এসব রিপোর্টের বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ইনডিপেনডেন্ট টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন দেখেই তিনি হাসপাতাল পরিদর্শনে এসেছেন। এসময় ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং প্রতিবেদককে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচারের জন্য ধন্যবাদ জানান তিনি।

পরে গণমাধ্যমকে মন্ত্রী জানান, এমন কাজ পুরোপুরি নিয়মবহির্ভূত এবং এর দায় হাসপাতাল কর্তৃপক্ষের। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি।

মন্ত্রী আরো জানান, হামের পর্যাপ্ত টিকা দেশে আছে। দু-সপ্তাহ পরই শুরু হবে হামের টিকার নতুন ক্যাম্পেইন। এছাড়া হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে বাধ্যতামুলকভাবে মশারি ব্যবহারের নির্দেশনা দেন সরদার সাখাওয়াত হোসেন।