হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০২২

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯২২ জন মারা গেছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। 

একইসময়ে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হলো।

আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯০৫ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের হামের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ৫১ হাজার ২৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।