হাম ও উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু বেড়ে ১০৫২

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৫২ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ১০২০ জনের শরীরে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭৯ জন এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৪১ জনের শরীরে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৭৪ জন। এ সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জনের শরীরে। 

দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।