ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে দুজনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

মৃত ব্যক্তিরা হলেন শহরের আলীপুর খাঁপাড়া এলাকার বাসিন্দা লতিফুর রহমান ও পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা বিমল কুমার। লতিফুর একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। বিমল হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ডেঙ্গুতে আক্রান্ত লতিফুর রহমান ফরিদপুর সাউদার্ন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে সেখানে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন ছিলেন বিমল কুমার। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগের ২৪ ঘণ্টার প্রতিবেদনে কোনো মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত ৫৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বেসরকারি ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও পাঁচজন। বর্তমানে হাসপাতালগুলোতে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫১৮ জন।

সিভিল সার্জন জানান, বেসরকারি হাসপাতালগুলো থেকে নিয়মিত তথ্য না পাওয়ায় সব মৃত্যুর তথ্য স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। বুধবার বিকেলে পৃথক প্রতিবেদনে দুইজনের মৃত্যুর বিস্তারিত তথ্য জানানো হয়েছে।