চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গর্ভবতী মায়ের মৃত্যু বাড়ছে। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮ জন গর্ভবতী মা। গর্ভাবস্থায় ডেঙ্গু হলে মা ও সন্তানের গুরুতর জটিলতা দেখা দেয়। সেকারণেই গর্ভবতী মায়েরা মারা যাচ্ছেন, বলছেন চিকিৎসকরা। এখনই বাড়তি সতর্কতা নিশ্চিতের তাগিদ তাদের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিন চিকিৎসা নেন নগরী ও নগরীর বাইরের অসংখ্য নারী-পুরুষ। যাদের মধ্যে অনেকেই সন্তান সম্ভবা মা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ বলেন, ‘এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে মারা গেছে দুজন গর্ভবতী মা। বিভিন্ন বেসরকারি হাসপাতালেও মৃত্যু হয়েছে কয়েকজনের।’
পরিস্থিতি সামলাতে সব ধরনের প্রস্তুতি থাকার দাবি স্বাস্থ্য বিভাগের।
চমেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. মো : তসলিম উদ্দিন বলেন, ‘মৌসুমের শুরুতেই হাসপাতালে স্থাপন হয়েছে আলাদা ইউনিট। তবে ডেঙ্গু থেকে বাঁচতে আক্রান্ত হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চলতি বছর ১০ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৮৬ জন। মারা গেছে ৪০ জন। তাদের মধ্যে ২১ জন নারী, যার ৮ জন অন্তঃসত্ত্বা। মারা গেছে তাদের গর্ভের শিশুরাও।