সেপ্টেম্বরের ১৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত ৪ হাজারের বেশি, মৃত্যু ১৯

সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১৯ জনের। যা আগস্টের চেয়ে দ্বিগুণ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে বেড়েছে শিশু আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতিতে কারো জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

গেল মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে দ্বিগুণ। এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। আর মৃত্যু হয়েছে ৪০ জনের। যার মধ্যে অন্তত ৮ জনই শিশু।

হাসপাতালগুলোর তথ্য বলছে, বেড়েছে শিশু আক্রান্তের হার। গত ১৫ দিনে আক্রান্ত হয়েছে চার হাজারের বেশি আর মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা।

আগস্টের চেয়ে সেপ্টেম্বরে রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখ করে চিকিৎসকরা বলছেন, জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করাতে। তবে এবার রোগীদের জটিলতা তুলনামূলক কম বলছেন চিকিৎসকরা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কীটতত্ত্ববিদরা।

/এম.এস/