এতদিন মূলত স্বচ্ছ পানিতে এডিস জন্মায় বলে ধারণা থাকলেও এবার নালা-নর্দমার নোংরা পানিতেও ডেঙ্গুর বাহক এডিস মশা জন্মের প্রমাণ মিলেছে। ল্যাব পরীক্ষায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কীটতত্ত্ববিদেরা।
তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী-কাজলা এলাকায় নর্দমাতেও মিলেছে এডিসের লার্ভা।
কয়েক বছর ধরেই রাজধানীসহ সারা দেশে আতঙ্ক আর ভয়াবহ উদ্বেগের অপর নাম ডেঙ্গু। বাড়ির আঙিনা কিংবা কোনো পাত্রে যেন স্বচ্ছ পানি জমতে না পারে তা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে সিটি করপোরেশনগুলো। সাধারণত নালা-নর্দমা কিংবা এমন নোংরা পানিতে কিউলেক্স মশা জন্মায় এবং বংশ বিস্তার করে। সম্প্রতি রাজধানীর কাজলা এলাকায় এমন নোংরা পানিতে পাওয়া গেছে এডিসের লার্ভা।
আরও পড়ুন: এক মাসের ব্যবধানে ডেঙ্গু রোগী বেড়েছে ৩ গুণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, কাজলা এলাকায় ৪ থেকে ৮ জুন পর্যন্ত অভিযানে বাসা-বাড়ি ছাড়াও নোংরা পানিতেও পাওয়া যায় এডিসের লার্ভা। প্রচলিত ধারণার বাইরে এমন চিত্র উঠে আসায় দুশ্চিন্তা বেড়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেছেন, এডিসের প্রজননের গতি প্রকৃতি পাল্টেছে। তাই এডিস নিধন কার্যক্রম আরও জোরদার করার তাগিদ তাদের।
আরও পড়ুন: ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ভাইরাসের ধরন নির্ণয় জরুরি
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় তিন হাজার মানুষ। মারা গেছেন অন্তত ২১ জন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।