আবারও মানবদেহে প্রতিস্থাপিত হলো শূকরের হৃৎপিণ্ড। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে জেনেটিকালি রূপান্তরিত হৃৎপিণ্ডটি প্রতিস্থাপিত হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এবারও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডের স্কুল অব মেডিসিন বিভাগ মানবদেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে। এর আগে শূকরের হৃৎপিণ্ড পাওয়া প্রথম ব্যক্তি প্রতিস্থাপনের দুই মাস পরই মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত বুধবার সাবেক মার্কিন নৌবাহিনীর সদস্য লরেন্স ফৌসেটের শরীরে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়। ওই রোগীর কিছু জটিলতার কারণে তাঁর শরীরে মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা যাচ্ছিল না। তিনি হার্ট ফেইলিউর হওয়ার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।
শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের আগে ফৌসেট বলেন, এখন আমার একটু হলেও বাঁচার আশা রয়েছে।
চিকিৎসায় অঙ্গপ্রত্যঙ্গের চাহিদা মেটাতে জেনোট্রান্সপ্লান্টেশন নামে পশু বা প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহারের বিষয়ে অনেকদিন ধরেই বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে এক লাখের বেশি মানুষ অঙ্গপ্রতিস্থাপন করাতে চান।