আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়।
মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান, ক্যাপসাইসিন। এই উপাদানটি আমাদের শরীরের এমন কিছু স্নায়ুর সঙ্গে যুক্ত হয়। যেগুলো সাধারণত তাপ বা আগুনের অনুভূতি বুঝতে সাহায্য করে।
ক্যাপসাইসিন আমাদের শরীরকে ‘বোকা বানায়’। এটি এমন সংকেত পাঠায়, যেন আমরা গরম কিছু খাচ্ছি বা জিভে আগুন লেগেছে। ফলে শরীর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায়। এতে জিভে জ্বালা-পোড়া শুরু হয়। ঘাম হতে পারে। নাক দিয়ে পানি পড়তে পারে। আবার চোখে পানি চলে আসতে পারে। এগুলো আসলে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া।
ঝাল খেলে শরীরে কী ঘটে?
ঝাল খাওয়ার পর শুধু মুখেই প্রতিক্রিয়া হয় না, শরীরের ভেতরেও অনেক কিছু ঘটে। আমাদের শরীরে কিছু বিশেষ রিসেপ্টর বা সংবেদনশীল অংশ আছে। যেগুলো মস্তিষ্ক, রক্তনালি, পেট ও ত্বকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে।
ক্যাপসাইসিন এই জায়গাগুলোতে কাজ করে। ফলে শরীরে কয়েকটি পরিবর্তন দেখা যায়। যেমন, রক্তসঞ্চালন কিছুটা বাড়ে। শরীরের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিপাকক্রিয়া (মেটাবলিজম) দ্রুত হয়। শরীর কিছু হরমোন ছাড়ে, যা ভালো লাগার অনুভূতি তৈরি করে। এ কারণেই অনেকেই ঝাল খাওয়ার পর একধরনের স্বস্তি বা ভালো লাগা অনুভব করেন।
গবেষণা কী বলছে?
বিজ্ঞানীরা ঝাল খাবার নিয়ে অনেক গবেষণা করেছেন। এর মধ্যে একটি বড় গবেষণায় প্রায় ৫ লাখ মানুষের খাদ্যাভ্যাস বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায়, যারা প্রায় প্রতিদিন ঝাল খাবার খান, তাঁদের অকালমৃত্যুর ঝুঁকি তুলনামূলক কম। যারা কম ঝাল খান, তাঁদের তুলনায় নিয়মিত ঝাল খাওয়া ব্যক্তিরা বেশি সুস্থ থাকতে পারেন। আরেকটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত ঝাল খেলে অকালমৃত্যুর ঝুঁকি প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। তবে মনে রাখতে হবে, এগুলো সম্পর্ক নির্দেশ করে, সরাসরি কারণ প্রমাণ করে না।
ঝাল খাবারের সম্ভাব্য উপকারিতা
ঝাল খাবারের কিছু সম্ভাব্য উপকারিতা নিয়ে বিজ্ঞানীরা আলোচনা করেছেন। যেমন-
হৃদ্রোগের ঝুঁকি কমাতে সহায়ক। কিছু গবেষণায় দেখা গেছে, ঝাল খাবার শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। প্রদাহ কম থাকলে হৃদ্রোগের ঝুঁকিও কমতে পারে।
হজমে সহায়তা করে। ঝাল খাবার খেলে পেটে কিছু এনজাইম সক্রিয় হয়, যা হজমে সাহায্য করতে পারে।
উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়। আমাদের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার বৈচিত্র্য বাড়াতে ঝাল খাবার সহায়ক হতে পারে। যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো।
ব্যথা কমাতে ব্যবহৃত হয়। ক্যাপসাইসিন কিছু ক্ষেত্রে চিকিৎসায় ব্যবহৃত হয়। বিশেষ করে স্নায়ুর দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে।
ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। ঝাল খেলে অনেক সময় মানুষ ধীরে খায়। এতে খাবার কম খাওয়া হয় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
তবে সব কিছুরই সীমা আছে
ঝাল খাবারের উপকারিতা থাকলেও, অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে। যেমন-
- অতিরিক্ত ঝাল খেলে পেটে জ্বালা বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে।
- যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ঝাল খাবার উপসর্গ বাড়াতে পারে।
- আইবিএস বা অন্ত্রের প্রদাহজনিত রোগে ভোগা ব্যক্তিদের জন্য ঝাল খাবার অস্বস্তির কারণ হতে পারে।
উপকারের পেছনে আসল কারণ কী?
ঝাল খাবারের উপকার কি শুধু ক্যাপসাইসিনের জন্য, নাকি অন্য কারণও আছে। এ নিয়ে গবেষকদের মধ্যে আলোচনা রয়েছে। গবেষকেরা বলছেন, ঝাল খেলে মানুষ ধীরে ও ভালোভাবে চিবিয়ে খায়। ফলে খাবার কম খাওয়া হয়। এই অভ্যাসগুলো নিজেরাই স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।
সব ঝাল খাবার এক নয়
সব ধরনের ঝাল খাবার একই রকম উপকারী নয়। গবেষণায় দেখা গেছে, তাজা মরিচ খেলে উপকার বেশি। আবার প্রসেসড বা প্যাকেটজাত ঝাল খাবারে সেই উপকার কম। যেমন, চিপস বা ঝাল স্ন্যাকস কম উপকার। আর তাজা মরিচ বা ঘরে রান্না করা ঝাল তরকারি তুলনামূলক বেশি উপকার।
কীভাবে নিরাপদে ঝাল খাবেন?
ঝাল খাওয়ার অভ্যাস না থাকলে ধীরে ধীরে শুরু করুন। অল্প পরিমাণে ঝাল দিয়ে শুরু করুন। কাঁচা মরিচ ব্যবহার করার চেষ্টা করুন। স্যুপ বা তরকারিতে হালকা ঝাল দিন। নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন।
ঝাল খাবার পুরোপুরি খারাপ নয়, আবার একে ‘ম্যাজিক’ সমাধানও বলা যায় না। তবে পরিমিত পরিমাণে ঝাল খেলে কিছু উপকার পাওয়া যেতে পারে। এমনটাই বলছে বিজ্ঞান। তবে নিজের শরীরের চাহিদা বুঝে ঝাল খাবার খাওয়াই সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের কাজ।