এক বছরে তিন ঈদ, শুধুই গুঞ্জন নাকি সত্যি?

একই বছরে তিনটি ঈদ। শুনতে একটু অদ্ভুত লাগলেও, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ২০৩০ সালকে ঘিরে এই প্রশ্নটি বেশি উঠছে।

সেই বছরে কি সত্যিই তিনটি ঈদ হবে? সত্যি বললে, না। ২০৩০ সালে তিনটি ঈদ হবে না। তবে কেন এই বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটি বুঝতে হলে একটু সহজভাবে বিষয়টি জানা দরকার।

ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি সন চাঁদের ওপর ভিত্তি করে নির্ধারিত। এই চান্দ্র বছরের দৈর্ঘ্য ইংরেজি (গ্রেগরিয়ান) বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন কম। ফলে প্রতি বছর রমজান, ঈদসহ ইসলামিক মাসগুলো একটু একটু করে এগিয়ে আসে।

এই ধারাবাহিক পরিবর্তনের কারণেই কিছু বছর এমন আসে, যখন একই ইংরেজি বছরে দুইবার রমজান মাস পড়তে পারে। ২০৩০ সাল ঠিক তেমনই একটি বছর।

ধারণা করা হচ্ছে, ২০৩০ সালে প্রথম রমজান শুরু হবে জানুয়ারি মাসে। এরপর বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে আবার শুরু হবে দ্বিতীয় রমজান। স্বাভাবিকভাবে মনে হতে পারে, দুই রমজান মানে দুই ঈদুল ফিতর। তাহলে কি মোট তিনটি ঈদ হবে?

এখানেই মূল বিষয়টি লুকিয়ে আছে। ডিসেম্বর মাসে শুরু হওয়া দ্বিতীয় রমজানটি কিন্তু একই বছরে শেষ হবে না। সেটি গড়াবে ২০৩১ সালের জানুয়ারিতে। ফলে সেই রমজানের ঈদ হবে ২০৩১ সালে, মানে একই বছর নয়।

অর্থাৎ ২০৩০ সালে থাকবে একটি রমজান থেকে আসা একটি ঈদুল ফিতর এবং স্বাভাবিক নিয়মে একটি ঈদুল আজহা। মোট ঈদের সংখ্যা হবে দুটি। যেমনটি আমরা সাধারণত দেখি।

তবে তিনটি ঈদের বিষয়টি একেবারেই অসম্ভব নয়। এমন বিরল ঘটনা ঘটতে পারে ২০৩৩ সালে। হিসাব অনুযায়ী, ওই বছরে জানুয়ারির শুরুতেই একটি ঈদুল ফিতর পড়তে পারে। এরপর মার্চে ঈদুল আজহা এবং বছরের শেষ দিকে আবারও একটি ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক ইংরেজি বছরে দুটি ঈদুল ফিতর ও একটি ঈদুল আজহা। মোট তিনটি ঈদ দেখা যেতে পারে।

তবে মনে রাখতে হবে, এসব হিসাব পূর্বাভাসভিত্তিক। ঈদের সঠিক দিন নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর। ফলে দেশভেদে এক বা দুই দিনের পার্থক্য হওয়াটা স্বাভাবিক।

সব মিলিয়ে বলা যায়, ২০৩০ সাল বিশেষ একটি বছর। কারণ একই বছরে দুইবার রমজান পড়ছে। কিন্তু ঈদের সংখ্যা সেই বছরেও থাকবে দুটি। আর তিন ঈদের বিরল দৃশ্য দেখতে চাইলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। সম্ভবত ২০৩৩ সাল পর্যন্ত।