এক ঘণ্টা অন্ধকারে থাকবে পৃথিবী, কিন্তু কেন?

আগামীকাল বিশ্বজুড়ে পালিত হবে আর্থ আওয়ার। এ সময় এক ঘণ্টার জন্য ঘরের আলো বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই আয়োজন। ২০০৭ সালে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) এই কর্মসূচি শুরু করে। বর্তমানে বিশ্বের ১৯০টির বেশি দেশে এই উদ্যোগ পালন করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, আর্থ আওয়ার শুধু পরিবেশের বিষয় নয়। এটি আমাদের ব্যক্তিগত জীবনযাপন ও স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কিত। দৈনন্দিন জীবনে অতিরিক্ত স্ক্রিন ব্যবহার, কম শারীরিক পরিশ্রম, প্রসেসড খাবার খাওয়া। এসব অভ্যাস যেমন শরীরের জন্য ক্ষতিকর। তেমনি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

চিকিৎসকদের মতে, রাতে অতিরিক্ত কৃত্রিম আলো ব্যবহারে ঘুমের সমস্যা হতে পারে। বিশেষ করে মোবাইল ও কম্পিউটারের নীল আলো শরীরের ঘুমের হরমোনে প্রভাব ফেলে। তাই কিছু সময় আলো বন্ধ রেখে অন্ধকারে থাকা শরীরের জন্য উপকারী।

এ ছাড়া এই এক ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার না করে পরিবারের সঙ্গে সময় কাটানো বা বাইরে কিছুক্ষণ হাঁটার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, এক ঘণ্টা আলো নিভিয়ে রাখলে বড় কোনো পরিবর্তন না এলেও এটি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে। নির্ধারিত সময় অনুযায়ী, ২৮ মার্চ রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।