চুলের আগাগোড়া যত্নের একমাত্র সলিউশন হতে পারে হেয়ার স্পা। চুল পড়া, রুক্ষতা, নির্জীব চুল ও খুশকি সবকিছুর সমাধান এক জায়গাতেই। সমস্ত সমস্যা এক নিমেষে গায়েব করতে হেয়ার স্পা দারুণ কার্যকরী। পার্লারে গিয়ে সময় আর অর্থ ব্যয় করতে না চাইলে ঘরে বসেই সেরে ফেলুন চুলের যত্ন। রইল সেই পরামর্শ। দেখবেন একমাসেই পাল্টে গেছে চুলের ভোল।
কীভাবে করবেন হেয়ার স্পা?
বাড়িতে বসে হেয়ার স্পা করতে পারেন সহজ এবং ঝামেলাহীন ভাবে। পাঁচটা ধাপেই পেয়ে যাবেন রেশমি, ঘন, কালো চুল। এর জন্য প্রয়োজন হবে, তেল, তোয়ালে, শ্যাম্পু, কন্ডিশনার এবং হেয়ার মাস্ক। এ ছাড়া বাজারে এখন প্রচুর হেয়ার স্পা ট্রিটমেন্ট কিট পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতেই পারেন। জেনে নিন হেয়ার স্পা করার স্টেপগুলো।
প্রথমেই স্ক্যাল্প মাসাজ
স্ক্যাল্প মাসাজ দিয়ে শুরু করতে হবে হেয়ার স্পা। অলিভ, আমন্ড, নারকেল, তিল বা আমলকী তেল ব্যবহার করে আঙুলের সাহায্যে সার্কুলার মোশনে পুরো স্ক্যাল্প মাসাজ করতে হবে। অন্তত ১০ মিনিট মাসাজ করবেন। পুরো স্ক্যাল্পে ভালভাবে তোয়ালে জড়িয়ে নিন। ঘাড়ের ওপরের অংশও ঢাকতে ভুলবেন না। এভাবে ১০ মিনিট রাখুন। সপ্তাহে অন্তত একবার স্ক্যাল্প মাসাজ করতে পারেন। চুল ভাল থাকবে।
নিতে হবে স্টিম
স্ক্যাল্পে তেল মাসাজ করার পর স্টিম নেওয়ার পালা। কিন্তু স্টিম কই পাবেন? খুব সহজ, গরম পানিতে তোয়ালে ডুবিয়ে নিংড়ে চুলে জড়িয়ে নিন। যদি গরম পানি না থাকে, তবে মাইক্রোওয়েভে তোয়ালে ২-৩ মিনিট রেখে সেটাও ব্যবহার করতে পারেন। এতে তেল স্ক্যাল্পের গভীরে যাবে। ১৫-২০ মিনিট এভাবে স্টিম নিন। তোয়ালে ঠাণ্ডা হলে আবার গরম করে চুলে জড়িয়ে নিতে হবে।
চুল ধুতে মাইল্ড শ্যাম্পু
তারপর চুল ধোওয়ার পালা। তবে ব্যবহার করতে হবে মাইল্ড শ্যাম্পু। হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন।
শুকনো চুলে কন্ডিশনিং নয়
এখন কন্ডিশনিংয়ের পালা। খেয়াল রাখতে হবে যেন, চুলে পর্যাপ্ত পানি থাকে। শুকনো চুলে কন্ডিশনিং করা উচিত নয়, আবার বেশি ভেজাও মুশকিল। ছোট ছোট ভাগে ভাগ করে চুলে কন্ডিশনার ব্যবহার করুন।
হেয়ার মাস্ক লাগানোর পালা
উপাদান এবং ধরন অনুযায়ী মাস্ক আগে বা পরে লাগাতেই পারেন। এই ধাপটি একটু সময়সাপেক্ষ, কারণ হেয়ার মাস্ক বেশ কিছু সময় চুলে লাগিয়ে রাখতে হয়। দোকানে পাওয়া মাস্কও ব্যবহার করতে পারেন, আবার চুলকে একটু বেশি আদর দিতে চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন নিজের জন্য পারফেক্ট হেয়ার মাস্ক।