চুল ভালো রাখতে আমরা কতকিছুই না করি। পার্লারে গিয়ে দামি দামি হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে ঘরোয়াভাবে নানা প্যাক, কিছুই বাদ যায় না। তারপরও চুলের হাল যেন বেহালই থেকে যায়।
অনেকে দামি হেয়ার প্যাকেই মনে করেন চুল ভালো রাখার একমাত্র হাতিয়ার। আসলেই কি তাই? চুলের সৌন্দর্য বজায় রাখতে সত্যিই কি এত কিছুর প্রয়োজন আছে? জেনে নিন।
পরিষ্কার রাখুন স্ক্যাল্প
আপনার চুল ভালো রাখতে চাইলে অবশ্যই স্ক্যাল্প পরিষ্কার রাখা জরুরি। এমনটাই মনে করেন রাজিয়াস মেকওভারের রূপবিশেষজ্ঞ রাজিয়া পারভিন। তিনি বলেন, ‘সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করা উচিত। চুল ভালো রাখতে সপ্তাহে তিন দিন হেয়ার ওয়াশ করুন। যদি আপনার স্ক্যাল্প তৈলাক্ত হয়, তবে প্রতিদিনও শ্যাম্পু করতে পারেন। দুই ক্ষেত্রেই সমান উপকার পাবেন।’ মনে রাখবেন, অপরিষ্কার স্ক্যাল্প সংক্রমণ ছড়ায়। এমনকি মাথার চুল বেশি ঝরে এই স্ক্যাল্পের কারণেই। তাই চুলের সুস্বাস্থ্য অটুট রাখতে শ্যাম্পু করতেই হবে।
দূষণ থেকে রক্ষা করুন
চুলের খারাপ অবস্থার জন্য প্রাকৃতিক দূষণ অনেকটা দায়ী। তাই বাইরে ঘোরা ঘুরির সময় চুলকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে চুলে লাগাতে পারেন প্রোটেক্টিং সিরাম। এছাড়া আপনি বাইরে বের হলে স্কার্ফ দিয়েও মাথা ঢেকে রাখতে পারেন। এতে ধুলো ময়লা কিছুটা হলেও কম লাগবে।
স্বাস্থ্যকর খাবার খান
শরীর ভালো রাখতে যেমন নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। চুলের সুস্বাস্থ্য অটুট রাখতেও ঠিক তেমনি একই নিয়ম বহাল থাকে। আপনি যদি প্রতিদিন ভাজাভুজি বা মিষ্টিজাতীয় খাবার খান, তবে শরীরে তার প্রভাব পড়বে। সেই সঙ্গে চুলেরও ক্ষতি হবে। চুল হয়ে উঠবে রুক্ষ ও শুষ্ক। চুল ভালো রাখতেও স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে হবে। আর পর্যাপ্ত পরিমানে পানি পান করুন।
যে বিষয়গুলোও জরুরি
নিয়মিত ব্যায়াম করুন। শরীরচর্চা করলে আপনি সুস্থ থাকবেন। সেই সঙ্গে চুলের স্বাস্থ্যও উন্নত হবে। পর্যাপ্ত ঘুমও জরুরি। এই দিকটিতেও খেয়াল রাখুন। দুশ্চিন্তা করবেন না। কারণ এ থেকেও চুল ঝরতে পারে। আর চুলের কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।