একটি পাকা চুল তুললে কি দুইটি গজায়, কতটা সত্য এই ধারণা?

মাথায় একটি পাকা চুল দেখা গেলেই অনেকেই সেটি তুলে ফেলেন। অনেকের বিশ্বাস, একটি পাকা চুল তুললে তার জায়গায় নাকি আরও দুইটি চুল গজায়। কিন্তু আসলে কি সত্যিই এমনটা ঘটে?

বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে একটি প্রচলিত ভুল ধারণা। ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের চর্মবিজ্ঞান গবেষক অধ্যাপক ডেসমন্ড টোবিন বলেন, ‘একটি চুল তুললে যদি সত্যিই আরও বেশি চুল গজাত, তাহলে যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে তাদের জন্য এটি দারুণ সমাধান হতো। কিন্তু বাস্তবে বিষয়টি ঠিক উল্টো।’

একটি ফলিকল থেকে একটি চুলই গজায়

আমাদের মাথার ত্বকে অসংখ্য হেয়ার ফলিকল বা চুলের গোড়া থাকে। এগুলোকে ছোট ছোট চুল তৈরির কারখানার মতো ভাবা যায়। প্রতিটি ফলিকল থেকে সাধারণত একটি চুলই গজায়। তাই একটি চুল তুলে ফেললে সেই একই ফলিকল থেকে আবার দুটি চুল জন্মাবে, এমনটি হয় না।

বেশি তুললে উল্টো ক্ষতি হতে পারে

বরং বারবার চুল তুলতে থাকলে ফলিকলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘদিন এমন করলে সেই জায়গা থেকে আর চুল নাও গজাতে পারে।

অধ্যাপক টোবিন উদাহরণ হিসেবে বলেন, ‘১৯৯০-এর দশক ও ২০০০-এর শুরুর দিকে অনেকেই খুব চিকন ভ্রুর ফ্যাশন অনুসরণ করতেন। তখন অনেকে নিয়মিত ভ্রুর চুল তুলতেন। পরে দেখা যায়, অনেকের ভ্রুর সেই অংশে আর নতুন চুল গজাচ্ছে না।’

তার ভাষায়, ‘একটি চুলের বদলে দুইটি পাওয়া তো দূরের কথা। অনেকেই শেষ পর্যন্ত কোনো চুলই পাচ্ছিলেন না।’

চুল তোলার সময় কী ক্ষতি হতে পারে

চুল জোরে টেনে তুললে কয়েক ধরনের ক্ষতি হতে পারে। যেমন-

  • চুল মাঝখান থেকে ভেঙে যেতে পারে।
  • গোড়া থেকে চুল উঠে যেতে পারে।
  • কখনও ত্বকে ছোট রক্তবিন্দুও দেখা যায়।

এ ধরনের রক্তবিন্দু দেখা গেলে বোঝা যায়, পুরো ফলিকলই উঠে যেতে পারে। তখন সেই জায়গা থেকে চুল আবার নাও গজাতে পারে।

পাকা চুল কেন হয়?

পাকা চুল হওয়া মূলত জিনগত বিষয়। পরিবারের কাছের আত্মীয়দের দিকে তাকালে অনেক সময় বোঝা যায়, কার কখন চুল পাকা শুরু হতে পারে। তবে কিছু বিষয় এই প্রক্রিয়াকে দ্রুত করতে পারে। যেমন-

  • দীর্ঘদিনের মানসিক চাপ।
  • পর্যাপ্ত ঘুমের অভাব।
  • পুষ্টির ঘাটতি।

এসব কারণে শরীরের বার্ধক্যজনিত পরিবর্তন দ্রুত হতে পারে, যার একটি লক্ষণ হলো চুল পাকা।

পাকা চুল সব সময় খারাপ নয়

বিশেষজ্ঞদের মতে, পাকা চুল মানেই খারাপ কিছু নয়। অনেক সময় পাকা বা সাদা চুল স্বাভাবিক চুলের মতোই ভালোভাবে, এমনকি কখনও আরও দ্রুত বাড়তে পারে।

উদাহরণ হিসেবে দেখা যায়, যাদের দাড়িতে সাদা-কালো মিশ্র রং থাকে। তারা অনেক সময় লক্ষ্য করেন সাদা চুলগুলো অন্যগুলোর তুলনায় একটু দ্রুত লম্বা হয়ে যায়।

অধ্যাপক টোবিনের মতে, ‘সাদা বা পাকা চুলের ক্ষেত্রে কখনও কখনও বৃদ্ধির গতি একটু বেশি হওয়ার প্রবণতা দেখা যায়।’