বোল্ড ফ্যাশন চয়েজের কথা উঠলেই তামান্না ভাটিয়ার নাম চলে আসে। তাঁরই ধারাবাহিকতায় এবার মিলান ফ্যাশন উইকে তাক লাগালেন দক্ষিণ ভারতীয় এই সুপারস্টার।
লাল গালিচায় তামান্না ধরা দিয়েছেন ইতালির লাক্সারি ব্র্যান্ড রবার্তো কাভালির স্প্রিং/সামার ২০২৫ কালেকশনের একটি প্রিন্টেড জাম্পস্যুটে।
ব্যাকলেস জাম্পস্যুটের পুরোটা জুড়ে ছিল সাদা-বাদামির মিশেলে অ্যাপালুসা প্রিন্ট। আমেরিকান একটি ঘোড়ার জাত থেকে এই প্রিন্টের এমন নামকরণ; রবার্তো কাভালির সিগনেচার প্রিন্টগুলোর একটি এই অ্যাপালুসা প্রিন্ট।
প্লাঞ্জিং তথা ডিপ নেকলাইনের পাশাপাশি কোমরের কাটআউট তামান্নার এই আউটফিটকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ফুল স্লিভ জাম্পস্যুটের পেছনে ছিল ড্রামাটিক ক্রিসক্রস স্টাইলের টাই-আপ।
টপে যত আধুনিক নকশা করা হয়েছে, আউটফিটের নিচের অংশে ফ্লেয়ারড প্যান্টস দিয়ে ঠিক ততোটাই যেন ভিনটেজ ভাব ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই আউটফিটের সবচেয়ে তাক লাগানো অংশটি ছিল তামান্নার নেয়া পশমি কেপ।
বিউটি গেমেই শুধু নয়, তামান্না উতরে গেছেন তাঁর ‘লেস ইজ মোর’ নীতিতেও। পুরো আউটফিটের সঙ্গে এই নায়িকা হাতে বা গলায় পরেননি একটিও অনুষঙ্গ। অর্থাৎ কোনো রকম চাকচিক্য আর বাহুল্য ছাড়াই ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে তাঁর এবারের ফ্যাশন উইকের আউটফিট।
প্রিন্ট, টেক্সচার, বা কাটিং- বি টাউনের এই অভিনেত্রীর পুরো পোশাকজুড়ে ছিল নিরীক্ষার ছোঁয়া। কিন্তু চোখধাঁধানো উপস্থিতিতে তামান্না প্রমাণ করলেন, মিলান ফ্যাশন উইকের মতো বৈশ্বিক মঞ্চেও তিনি কতটা সাবলীল!
তথ্যসূত্র: পিংকভিলা