প্যারিস মানেই ফ্যাশনের শহর, সৌন্দর্যের রাজধানী। প্রতি বছর এই শহর যেন সেজে ওঠে নতুনভাবে, নতুন রঙে। সপ্তাহজুড়ে চলা আয়োজনের শেষে আলো, রঙ, সুর আর সৃজনশীলতার উৎসব ছড়িয়ে গেল গ্রাঁ পালে ও ল্যুভরের করিডরে।
গ্রাঁ পালের জমকালো আয়োজনে প্রদর্শিত হয় শ্যানেল নারী সংগ্রহের স্প্রিং/সমার ২০২৬ মৌসুমের পোশাক। উপস্থিত ছিলেন দুই হাজারের বেশি অতিথি। আর সেই আসর ভরিয়ে তুলেছিলেন হলিউড ও ফ্যাশন দুনিয়ার তারকারা।
ব্লাজি তাঁর প্রথম সংগ্রহে নতুন করে পড়েছেন গ্যাব্রিয়েল শ্যানেলের ঐতিহ্য। নিখুঁত কাটিং আর আধুনিক ছোঁয়ায় তিনি ক্লাসিক শ্যানেলকে সাজিয়েছেন নতুন ঢঙে। শো শেষে দর্শকদের দাঁড়িয়ে দেওয়া অভিবাদনই প্রমাণ করেছে, এই অভিষেক ছিল সার্থক ও স্মরণীয়।
রেড কারপেটের ঝলমলে উপস্থিতি যাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে, সেই নিকোল কিডম্যান ফিরলেন তাঁর প্রিয় ব্র্যান্ড শ্যানেলে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিডম্যানের পরনে ছিল ওভারসাইজ সাদা টাক্সেডো শার্ট আর ঢিলেঢালা ডেনিম প্যান্ট।
অভিনেত্রী মারগট রবি, শোতে হাজির হয়েছিলেন নেভি রঙের কুইলটেড বোম্বার জ্যাকেট ও ঢিলেঢালা প্যান্ট পরে। নিচে উঁকি দিচ্ছিল ব্রালেট। যা তাঁর সাহসী সাজে যোগ করেছে বাড়তি আবেদন।
পেদ্রো পাস্কাল এসেছিলেন নেভি ব্লাউজ জাম্পার ও কালো ট্রাউজারে। তাঁর ছোট বোন লাক্স পাস্কাল এদিন শ্যানেলের রানওয়েতে হাঁটেন। অভিনেত্রী পেনেলোপ ক্রুজকে দেখা গেছে শ্যানেলের বোম্বার জ্যাকেট আর বেইজ রঙের প্যান্টে।
শোতে আরও ছিলেন কেন্ডাল জেনার, স্প্যানিশ অভিনেত্রী উরসুলা করবেরো, ক্যারি কুন ও মারিয়ন কটিয়ার। ব্লাজির উপস্থাপনা দর্শকদের প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে।
অনেকের মতে, তিনি শ্যানেলের ডিএনএ নতুনভাবে গড়ে তুলেছেন। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি করেছেন এক অনন্য ভুবন।