প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ফের দেখা গেল প্যারিস হিলটনকে। গ্ল্যামার আর আত্মবিশ্বাসে ভরপুর একের পর এক উপস্থিতিতে তিনি যেন আবারও মনে করিয়ে দিলেন, ‘ইট গার্ল’ যুগ এখনো শেষ হয়নি। বরং ২০২৫ সালে এসে তিনি নতুন করে লিখছেন এই ধারণার বর্ণনা।
দুই দশক আগে যিনি ‘ইট গার্ল’ শব্দটারই মানে দাঁড় করিয়েছিলেন। সেই হিলটন আজও ফ্যাশনের জগতে নিজের রাজত্ব অক্ষুণ্ণ রেখেছেন। উত্তরাধিকারিণী থেকে উদ্যোক্তা, এই যাত্রায় তিনি কেবল এক সেলিব্রিটি নন, বরং এক সাংস্কৃতিক প্রতীক। তাঁর পোশাকের প্রতিটি উপস্থিতি যেন অতীতের ঝলক ফিরিয়ে এনে পুরোনো স্টাইলকে নতুন করে উপস্থাপন করছে।
পুরোনো হলিউড গ্ল্যামারে ফিরলেন হিলটন
প্যারিস হিলটনের প্রথম উপস্থিতিই ছিল এক ক্লাসিক কামব্যাক। আইজাবেল মেরঁর শো-তে তিনি হাজির হন এক কালো ক্রিস্টালে মোড়া পোশাকে। যা ছিল পুরোনো হলিউডের গ্ল্যামারকে আধুনিকভাবে শ্রদ্ধা জানানো এক নিখুঁত উদাহরণ। অফ-শোল্ডার কাট আর মেশ নেকলাইনের ছোঁয়ায় পোশাকটিতে ফুটে ওঠে মৃদু আবেদন।
তবে লুকটির আসল আকর্ষণ ছিল একজোড়া লম্বা ভেলভেট গ্লাভস আর ওভারসাইজড সানগ্লাস। এই দুটি আনুষঙ্গিক শুধু সাজ সম্পূর্ণ করেনি, হিলটনের আত্মবিশ্বাসকেও আরও উজ্জ্বল করেছে। এটি কেবল একটি ফ্যাশন লুক নয়। বরং সরলতার ভেতর জ্বলজ্বলে গ্ল্যামারের এক সাহসী ঘোষণা।
ভিভিয়েন ওয়েস্টউডের জুতায় হিলটন
প্রথম লুক ছিল নীরব শক্তির প্রতীক। আর দ্বিতীয়টি একেবারে রূপকথার মতো। চকচকে সবুজ-রুপালি গাউনে হাজির হয়ে হিলটন যেন এক কৌচুর স্বপ্নকে বাস্তব রূপ দিলেন। পোশাকটির ডিপ নেকলাইন আর নাটকীয় সিলুয়েট দৃষ্টি কাড়ে মুহূর্তেই।
তবে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তাঁর জুতা। হিলটন পায়ে দিয়েছিলেন ভিভিয়েন ওয়েস্টউডের ১৯৯৩ সালের বিখ্যাত ‘সুপার-এলিভেটেড’ ডিজাইনের অনুপ্রেরণায় তৈরি একজোড়া প্ল্যাটফর্ম হিল। মোটা সোল, বাঁকানো কাঠামো ও করসেট স্টাইল লেসিং। সব মিলিয়ে এটি ছিল এক শিল্পকর্ম।
এই দুই বিপরীতধর্মী লুক যেন একসঙ্গে মিলিয়ে দিল হিলটনের ব্যক্তিত্বের দুই দিক। গ্ল্যামারাস ‘ইট গার্ল’ আর আধুনিক যুগের আত্মবিশ্বাসী ফ্যাশন আইকন। যিনি একসময় জুসি কুতুর ট্র্যাকস্যুট পরে রেড কার্পেটে হাঁটতেন। আজ সেই তিনিই বসে আছেন ফ্যাশনের সবচেয়ে অভিজাত ফ্রন্ট রোতে।
প্রতিটি পোশাকেই যেন ফিরে আসছে তাঁর অতীতের স্মৃতি, তবে এবার তা আরও পরিণত, আরও দৃঢ়ভাবে। প্যারিস হিলটন প্রমাণ করলেন, ‘ইট গার্ল’ শুধু এক সময়ের পরিচয় নয়, এটি আজও তাঁরই সত্তা।