বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি) সহযোগিতায় এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য থেকে নতুন মডেল নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিরা টুয়েলভের লিড মডেল হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
উদ্যোগটির আওতায় বয়স, লিঙ্গ, গায়ের রং, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়ন মডেল নির্বাচনের ক্ষেত্রে বাধা হবে না। গুরুত্ব দেওয়া হবে ব্যক্তিত্ব, নিজস্ব স্টাইল ও আত্মবিশ্বাসকে। যাঁরা আগে কখনো মডেলিং করেননি, তাঁরাও এতে অংশ নিতে পারবেন। ফ্যাশনকে আরও অন্তর্ভুক্তিমূলক করা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
নির্বাচিত মডেলদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে টুয়েলভ। এ সময়ে তাঁরা মাসিক বেতন পাবেন এবং ব্র্যান্ডটির বিভিন্ন প্রচারাভিযান ও পণ্যের ফটোশুটে অংশ নেবেন। পাশাপাশি আজরা মাহমুদের তত্ত্বাবধানে মডেলিং ও কনটেন্ট তৈরির প্রশিক্ষণ পাবেন তাঁরা। তাঁদের জন্য থাকবে গ্রুমিং ও ফিটনেস প্রশিক্ষণের সুযোগও।
এ ছাড়া নির্বাচিত মডেলদের প্রতি মৌসুমে ফ্যাশনপণ্য উপহার দেওয়া হবে। তাঁদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও থাকবে বিশেষ ছাড়। প্রশিক্ষণ, নিয়মিত কাজ ও আর্থিক সুবিধার মাধ্যমে নতুনদের মডেলিং পেশায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির।
আগ্রহীরা অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ করে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগে অংশ নিতে পারবেন।


