বলিউডের অভিনেত্রী অনন্যা পান্ডের নতুন ফ্যাশন উপস্থিতি যেন দেখাল নীরব এক বিলাসিতা। ঝলমলে রঙ বা চোখধাঁধানো বৈপরীত্য নয়। বরং আত্মবিশ্বাসী সরলতায় তিনি হাজির হলেন এমন এক সাজে, যা একই সঙ্গে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।
ডিজাইনার অনামিকা খান্নার তৈরি একরঙা সোনালি পোশাকে দেখা যায় অনন্যা পান্ডেকে। এই পোশাকে ভারতীয় কারুকাজের সূক্ষ্মতা যেমন রয়েছে, তেমনি রয়েছে আধুনিক কাট ও গড়নের দৃঢ় উপস্থিতি।
পোশাকটির প্রধান আকর্ষণ ছিল একটি স্ট্রাকচার্ড হাই-নেক জ্যাকেট। যা তিনি পরেছিলেন লম্বা, ঢেউ খেলানো স্কার্টের ওপর। দুই অংশেই ছিল সূক্ষ্ম ও ঘন এমব্রয়ডারি। জ্যাকেটটি কোমরের কাছে নিখুঁতভাবে ফিট হয়ে ঘড়ির কাঁটার মতো অবয়ব তৈরি করেছে। উঁচু কলারটিতে ছিল ভিক্টোরিয়ান ঘরানার রোমান্টিক আবহ।
সবচেয়ে নজরকাড়া ছিল সুতার কাজ ও একই রঙের অলঙ্করণ। কোমর থেকে ঝুলে থাকা ট্যাসেল পোশাকটিকে দিয়েছে চলমান সৌন্দর্য। স্কার্টটি সোজা নেমে গিয়ে অনন্যাকে আরও পরিপাটি করে তুলেছে। কোথাও কোনো কনট্রাস্ট প্যানেল বা গাঢ় বর্ডার নেই। শুধু টেক্সচারের নিঃশব্দ খেলা।
চুল রাখা হয়েছিল নরম ঢেউয়ে। যা মুখাবয়বকে কোমলভাবে ঘিরে রেখেছে। মেকআপেও ছিল উষ্ণ ও উজ্জ্বল আবহ। যেখানে প্রাধান্য পেয়েছে মাটির রঙের টোন।
এর আগে ইতালির মিলানে স্বারোভস্কির আয়োজিত ‘মাস্টার্স অব লাইট-ফ্রম ভিয়েনা টু মিলান’ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন অনন্যা। ফ্যাশন দুনিয়ার বহু তারকার উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বেছে নিয়েছিলেন কাস্টম তৈরি ঝলমলে একটি মিনি ড্রেস।
সবুজ ও রুপালি রঙের মিশেলে তৈরি সেই পোশাকটি ছিল তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্বের মতোই দীপ্ত। শুধু পোশাকেই নয়, অনুষঙ্গেও ছিল বাড়তি জৌলুস। হাতে স্তরে স্তরে ব্রেসলেট, গলায় স্টেটমেন্ট নেকলেস এবং কানে ঝুলন্ত দুল, সবই স্বারোভস্কির।
একদিকে নীরব, সংযত বিলাসিতা; অন্যদিকে উচ্ছ্বসিত ক্রিস্টাল ঝলক। একই সময়ে দুই ভিন্ন মুডে অনন্যা পান্ডে যেন প্রমাণ করলেন, ফ্যাশন মানে কেবল পোশাক নয়, বরং নিজেকে প্রকাশের এক শিল্প।