পাঁচতারা হোটেলের খাবার বানাতে পারেন বাড়িতে

ইফতার মানেই রকমারি খাবারের বাহার। তবে প্রতিদিন নিশ্চয় একই খাবার ভালো লাগবে না। তাই ভিন্ন স্বাদ নিতে চাইলে বানাতে পারেন চিজ কুনাফা। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর শেফ এটিএম আহমেদ হোসেন দিয়েছেন মজার এই কুনাফার রেসিপি। এখনই দেখে নিন।

উপকরণ: লাচ্ছা সমাই ১ প্যাকেট, বাটার ১/৪ চামচ, ক্রিম চিজ ২০০ গ্রাম, ফ্রেশ ক্রিম ১/২ কাপ, চিনি ১/২ কাপ, ঘি ১/২ কাপ, সাজানোর জন্য পেস্তা ১/২ কাপ। এছাড়াও সিরার জন্য লাগবে চিনি ২ কাপ, পানি ১ কাপ, লেবুর রস ১ চা চামচ এবং গোলাপ জল ১ চা চামচ।

সেমাই দিয়ে হবে মজার কুনাফা। ছবি: ঢাকা রিজেন্সি

প্রস্তুত প্রণালী: একটি বাটিতে লাচ্ছা সমাই,  ঘি ও ১/২ কাপ চিনি এক সঙ্গে ভালো করে মিশিয়ে ডো বানাতে হবে। তারপর ক্রিম চিজ এবং ফ্রেশ ক্রিম দিয়ে বিট করে নিন। আর গোলাপ জল দিয়ে অবশিষ্ট চিনি দিয়ে সিরা করে নিতে হবে। এখন বেকিং ট্রেতে বাটার মেখে নিতে হবে। তারপর সেমাই ডো থেকে ২/৩ অংশ ট্রেতে বিছিয়ে দিতে হবে।

খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। এখন বিট করে রাখা চিজ উপরে একটি লেয়ার করে  দিতে হবে। এরপর ডো এর বাকি অংশটুকু উপরে সুন্দর করে দিতে হবে, যেন পুরোটা ঢেকে যায়। আগে থেকে গরম করে রাখা ওভেনে ১৮০ ডিগ্রী সেলসিয়াস এ ২০ মিনিট বেক করে নিতে হবে। তারপর রুম তাপমাত্রায় ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হওয়া কুনাফার উপর চিনির সিরা দিতে হবে। আরও কিছু সময় পর ছুড়ি দিয়ে বরফির মত করে কেটে উপরে পেস্তা দিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি মজাদার চিজ কুনাফা ।