লাউয়ের ডালনা যেভাবে রান্না করবেন

পেট ঠান্ডা রাখবে এমন খাবার হিসেবে লাউয়ের তরকারি সবার পছন্দ। লাউ, আলু আর মাছের ঝোল সবার বাড়িতেই কম-বেশি হয়। এবার ভিন্ন স্বাদের লাউয়ের ডালনা রান্না করে চমক দেখাতে পারেন সবাইকে। মজার এই তরকারি রান্নার রেসিপি দিয়েছেন সামিয়া নাহার

মজার এই খাবারটি ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। ছবি: ইনডিপেনডেন্ট

উপকরণ: লাউ মাঝারি সাইজের, ডালের বড়ি ৭-৮ টা, হিং ১ চিমটি, তেজপাতা ২টি, পাঁচফোড়ন ১/২ চামচ, কাঁচা মরিচ ২টি, হলুদের গুড়া ১ চামচ, জিরে গুড়া ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চামচ, নারকেল কোরা ২ টেবিল চামচ, ঘি ১ চা-চামচ, গরমমশলার গুড়া ১ চা-চামচ এবং সরিষার তেল ২ চা-চামচ।

প্রণালী:  প্রথমে লাউ কুচি কুচি করে কেটে নিতে হবে। কড়াইতে অল্প তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখুন। এবার তাতে খানিকটা তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন ও হিং দিন। সুগন্ধ বের হলে হলুদের গুড়া, জিরের গুড়া, কাঁচা মরিচ, লাউয়ের টুকরা ও নারকেল কোরা মিশিয়ে নাড়াচাড়া করুন। এবার তাতে স্বাদমতো লবণ মিশিয়ে ঢাকনা বন্ধ করে ২ মিনিট রাখুন। পানি দেওয়ার কোনও প্রয়োজন নেই। সব মশলা ভালোভাবে মিশে গেলে বড়ি দিয়ে দিন। বড়ি নরম হয়ে এলে তাতে অল্প ঘি ও গরমমশলার গুড়া ছড়িয়ে পরিবেশন করুন।