অতিথি আপ্যায়নে মজাদার শির খুরমা

সব সময় এক রকমের নাশতা দিয়ে আপ্যায়ন না করে অতিথি আপ্যায়নে ভিন্নতা নিয়ে আসুন। দুধ সেমাই, লাচ্ছা সেমাই তো অনেক হলো। এবার স্বাদ বদলে দিতে বানিয়ে ফেলুন শির খুরমা। হাতে খানিকটা সময় থাকলেই বানাতে পারেন এই শির খুরমা। মজাদার এই রেসিপি দিয়েছেন কাজী নওশীণ লায়লা।

উপাদান: সেমাই মেজারমেন্ট কাপের ১ কাপ (হাত দিয়ে ভেঙে গুঁড়ো করা), গুঁড়ো দুধ ১ কাপ, চিনি ১ কাপের কিছুটা কম, তরল দুধ ১ লিটার, এলাচ, ছোট এক টুকরো দারুচিনি, ১০ থেকে ১৫ গ্রাম কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তা, কিশমিশ, খেজুর কুচি ১ টেবিল চামচ।

প্রণালি: কাজু, কাঠবাদাম, পেস্তা, কিশমিশ, খেজুর কুচি ঘি তে ভেজে নিন। ভাজার সময় প্রথমে দিন খেজুর এরপরে দিন সব ধরনের বাদাম আর সবার শেষে দিন এলাচ, দারুচিনি, কিশমিশ। ভাজা শেষে বাটিতে তুলে নিন।

একই পাত্রে আরেক টেবিল চামচ ঘি দিয়ে হালকা আঁচে সেমাই ভেজে নিন। সেমাই বাদামি রং হয়ে গেলে নামিয়ে নিন। এবার গুঁড়ো দুধে পানি মিশিয়ে তরল দুধের সঙ্গে ফুটিয়ে নিন, এ সময় গরম মসলার টুকরো দুটো তুলে নিন।  

এখন দুধে সেমাই ঢেলে দিয়ে ২ থেকে ৪ মিনিট অপেক্ষা করুন। এ সময়ে মধ্যে সেমাই সেদ্ধ হয়ে যাবে। এবার নামানোর আগে অর্ধেক ড্রাই ফ্রুটস দিয়ে দিন। আর বাকি অর্ধেক বাটিতে ঢেলে করে ছড়িয়ে দিন। এবার ঠান্ডা হওয়ার পর পরিবেশন করুন।