চিকেন, বিফ বা এগ রোল তো সব সময়ই খাওয়া হয়। অনেকের আবার সব সময় মাংস খেতেও ভালো লাগে না। তাই স্বাদে বদল আনতে বানিয়ে নিতে পারেন পনিরের রোল। এই খাবারটি পনির কাঠি রোল নামেও পরিচিত। মজাদার খাবারটি বাচ্চারাও খুব পছন্দ করবে। আজ রইলো রেসিপি।
উপকরণ: পনির ৪০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১/২ কাপ, ক্যাপসিকাম কুচি ১/২ কাপ, টমেটো কুচি ১/৪ কাপ, আদা কুচি ১/২ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, টমেটো কেচাপ ১ টেবিল চামচ, ময়দা ২ কাপ, শসা কুচি ১/২ কাপ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।
প্রণালী: পনির টুকরো করে কেটে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, স্বাদমতো লবণ, কাঁচামরিচ কুচি, টমেটো কেচাপ সহযোগে ভেজে পনিরের টুকরাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে রোলের ভেতরের পুরটা তৈরি করে নিতে হবে।
এখন ময়দায় সামান্য তেল ও লবণ মেখে ডো বানিয়ে তা পরোটার আকারে বেলে প্যানে তেল গরম করে ভেজে নেওয়া হলো।
একটি একটি করে ভাজা পরোটা নিয়ে তাতে দুই চামচ পনিরের পুর দিয়ে ওপর থেকে সামান্য কেচাপ ও শসা কুচি দিয়ে রোল করে কাগজ পেঁচিয়ে গরম গরম পরিবেশন করুন।