সকালের নাস্তায় ঝটপট তৈরি করুন মিষ্টি পরোটা 

শিশুরা মিষ্টি পরোটা খেতে খুব ভালবাসে। আমাদের সবারও নিশ্চয়ই কমবেশি চিনি দিয়ে মিষ্টি পরোটা খাওয়ার স্মৃতি রয়েছে। সকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করতে পারেন এই মজাদার মিষ্টি পরোটা। রইল রেসিপি।

উপকরণ: ময়দা ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, ডিম ১টি, চিনি আধা কাপ, ভাজার জন্য তেল বা ঘি, লবণ স্বাদমতো

প্রণালী: ময়দায় আধা চিমটি লবণ ও সামান্য ঘি দিয়ে ভালো করে মেশান। এবার ময়দায় অল্প অল্প করে পানি মিশিয়ে সামান্য শক্ত করে মাখুন। এরপর ময়দা ১০ মিনিটের জন্যে আলাদা করে রাখুন।

মাখা ময়দা নিয়ে হাতে করে ডলে নিন। এরপরে ময়দার বল তৈরি করে নিন। এবার একটি বল নিন এবং সামান্য বেলে নিন। এরপর উপরের অংশে কিছুটা ঘি লাগিয়ে চারদিকে ছড়িয়ে দিন। এরপর এক চামচ চিনি নিয়ে মাঝখানে রেখে ময়দা ভাঁজ করে আবার হাতে গোল বল তৈরি করুন। এরপর পরোটা আবার বেলে নিন। 

কড়াইয়ে ঘি বা তেল দিয়ে পরোটা মাঝারী আঁচে ভেজে নিন। ভাজা হয়ে গেলে উপরে একটু দেশি ঘি বা মাখন ছড়িয়ে নামিয়ে নিন। মিষ্টি পরোটা হালুয়ার সঙ্গে খেতে মজা, চাইলে শুধুও খেতে পারবেন।