চিকেন আলু রোল বাইটস যেভাবে বানাবেন

বিকেলের নাশতা বা চায়ের সঙ্গে নতুন কিছু হলে মন্দ হয় না। চিকেন আলু রোল বাইটস এমনই এক মুখরোচক আইটেম, যা দেখতেও আকর্ষণীয়, খেতেও দারুণ। চিকেন, আলু আর মসলার দারুণ মিশেলে তৈরি এই রেসিপিটি ঘরেই বানিয়ে ফেলতে পারেন খুব সহজে।

উপকরণ

ডো বানানোর জন্য ময়দা ৩ কাপ, লবণ ১ টেবিল চামচ, কালোজিরা ১ চা-চামচ, আজওয়াইন ১ চা-চামচ, তেল ২ টেবিল চামচ, পানি ৩/৪ কাপ। মসলার মিশ্রণের জন্য লাগবে লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ, লবণ ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, হলুদের গুঁড়া ১/২ চা-চামচ, চাট মসলা ১ চা-চামচ।

স্টাফিংয়ের জন্য লাগবে চিকেন ফিলেট ২৫০ গ্রাম, তেল ৩ টেবিল চামচ, জিরা ১ চা-চামচ, আজওয়াইন ১/২ চা-চামচ, আদা কুচি ১/২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ টেবিল চামচ, আলু (সেদ্ধ ও ম্যাশ করা) ৪টি মাঝারি, ধনেপাতা কুচি ২-৩ টেবিল চামচ। এছাড়াও লাগবে ময়দা ৩ টেবিল চামচ, পানি ১/২ কাপ, গ্রিন চাটনি পরিমাণমতো এবং তেল (ভাজার জন্য)।

প্রস্তুত প্রণালী

একটি বড় বাটিতে ময়দা, লবণ, কালোজিরা, আজওয়াইন এবং তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। অল্প অল্প করে পানি যোগ করে শক্ত ডো তৈরি করুন। ঢেকে রেখে দিন ৩০ মিনিট। অন্য একটি ছোট বাটিতে লাল মরিচ গুঁড়া, গরম মসলা, লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া ও চাট মসলা মিশিয়ে মসলা মিশ্রণ তৈরি করুন। চিকেন ফিলেট কিচেন টিস্যু দিয়ে মুছে শুকিয়ে নিন।

যেকোনো পার্টিতে রাখতে পারেন মজার এই আইটেমটি। ছবি: ইনডিপেনডেন্ট

মসলা মিশ্রণ থেকে কিছুটা রেখে দিয়ে বাকি অংশ ফিলেটের দুই পাশে মাখিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে ফিলেট দিন, মাঝারি আঁচে প্রতি পাশে ২ মিনিট করে রান্না করুন, তারপর ঢেকে দিয়ে কম আঁচে আরও ৫ মিনিট রান্না করুন। চিকেন রান্না হয়ে গেলে কাঁটার সাহায্যে কুচি করে ফেলুন এবং প্যানের এক পাশে সরিয়ে রাখুন।

একই প্যানে আবার একটু তেল দিয়ে জিরা, আজওয়াইন দিন। এরপর আদা কুচি দিয়ে ১ মিনিট ভাজুন। ধনে, সেদ্ধ আলু, আগের রেখে দেওয়া মসলা মিশিয়ে নিন এবং চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ধনেপাতা কুচি যোগ করে মিশিয়ে নিন। ঠান্ডা হতে দিন। ময়দা ও পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ডো আবার মথে নিন এবং দুটি ভাগে ভাগ করুন।

একটি ভাগ নিয়ে বল তৈরি করুন এবং বেলুনে করে স্কয়ার আকৃতিতে বেলে নিন। এর উপর রান্না করা চিকেন-আলুর মিশ্রণ ও গ্রিন চাটনি ছড়িয়ে দিন। তারপর রোল করে নিন এবং ১ ইঞ্চির মতো মোটা করে কেটে নিন (২৪-২৫টি টুকরো হবে)।

ডিপ ফ্রাই করতে চাইলে একটি কড়াইয়ে তেল গরম করুন। প্রতিটি টুকরো ময়দার স্লারিতে ডুবিয়ে মাঝারি কম আঁচে দুই দিক থেকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিন। আর এয়ার ফ্রাইয়ে করতে চাইলে প্রতিটি টুকরোর দুই পাশে তেল ব্রাশ করে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২৫ মিনিট এয়ার ফ্রাই করুন। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।