বৃষ্টির দিনে খিচুড়ির সাথে চিকেন কড়াই, রইল রেসিপি

মসলা যদি হয় পরিমিত আর রান্না যদি হয় একটু কৌশলে। তাহলে সাদামাটা উপকরণেও তৈরি করা যায় দারুণ স্বাদের খাবার। আজকের রেসিপি সেই রকমই, চিকেন কড়াই। ঝাঁজ আছে, তেলে-মসলায় ভরপুর। আর রয়েছে দইয়ের হালকা মোলায়েম ছোঁয়া। ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইলের চিকেন কড়াই। রইল রেসিপি।

যা যা লাগবে

  • পানি আধা কাপ
  • হলুদ গুঁড়া আধা চা-চামচ
  • আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
  • মুরগির মাংস (করাই কাট) আধা কেজি
  • টমেটো ২-৩টি (মাঝারি সাইজ, কুচি করা)
  • কাঁচা মরিচ ২-৩টি (লম্বা করে কাটা)
  • ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ
  • গুঁড়া করা কালো মরিচ দেড় চা-চামচ (দুই ধাপে ব্যবহারের জন্য ভাগ করে রাখুন)
  • লবণ ১ চা-চামচ বা স্বাদ অনুযায়ী
  • গরম মসলা গুঁড়া দেড় চা-চামচ (দুই ধাপে দিতে হবে)
  • তেল আধা কাপ
  • দই (ফেটানো, ঘরের তাপমাত্রায়) আধা কাপ
  • আদা জুলিয়েন করে কাটা
  • ধনেপাতা কুচি
  • সাজানোর জন্য কাঁচা মরিচ

যেভাবে বানাবেন

রান্নার শুরুতেই প্যান বা কড়াইয়ে আধা কাপ পানি, হলুদ গুঁড়া আর আদা-রসুন বাটা একসঙ্গে দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। পানি ফুটে উঠলে মুরগির মাংস দিন। সঙ্গে টমেটো আর কাঁচা মরিচ যোগ করুন। সব উপকরণ একসঙ্গে ভালো করে নাড়ুন।

এবার দিন জিরা গুঁড়া, অর্ধেক কালো মরিচ, লবণ ও অর্ধেক গরম মসলা গুঁড়া। ঢেকে দিন এবং মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। এরপর ঢাকনা খুলে ২-৩ মিনিট উঁচু আঁচে কষিয়ে নিন। এবার দিন সাদা তেল। ভালোভাবে মিশিয়ে ৬-৮ মিনিট ভালো করে ভাজুন। মাংসে লালচে রং আসবে।

এবার ফেটানো দই দিন। আঁচ মাঝারি রাখুন এবং নাড়তে থাকুন যতক্ষণ না তেল ছড়াতে শুরু করে। অবশিষ্ট কালো মরিচ ও গরম মসলা গুঁড়া দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিন। সব শেষে উপরে দিন আদা জুলিয়েন, কাঁচা মরিচ ও কুচি ধনে পাতা। গরম গরম পরিবেশন করুন।