বৃষ্টির দিনে খিচুড়ির সাথে খেতে পারেন ভিন্ন স্বাদের বেগুন ভাজা

বৃষ্টির দিতে খিচুড়ির যেন তুলনা হয় না। আর তার সাথে যদি থাকে ভিন্ন স্বাদের বেগুন ভাজা। তাহলে তো কথাই নেই। বেগুন একটু লবণ-হলুদ-তেলে ভাজলেই তৈরি হয় চেনা স্বাদের এক পদ। কিন্তু কখনো কি মনে হয়েছে, এই পরিচিত বেগুন ভাজার মাঝেও আনা যায় ভিন্নতা? কিছুটা মসলার বদল, একটু উপকরণের খেল, আর রান্নার পদ্ধতিতে সামান্য টুইস্ট। এই সবকিছু মিলে তৈরি হতে পারে একেবারে নতুন এক স্বাদের অভিজ্ঞতা।

সেই ভাবনা থেকেই আজকের আয়োজন রইল ‘সিন্ধি তারিয়াল ওয়ানগন’। পরিচিত বেগুন ভাজার মাঝে নতুন মসলার ঝাঁজ আর টমেটোর চাটনির টক-ঝালের এক অন্যরকম জুটি। খিচুড়ির সাথে এই ভিন্ন স্বাদের বেগুন ভাজা মন জয় করবেই।

যা যা লাগবে

  • বেগুন ৩টি (মোটা ও গোল আকৃতির হলে ভালো হয়)
  • ধনে গুঁড়া দেড় টেবিল চামচ
  • চাট মসলা ২ চা-চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট দেড় চা-চামচ (স্বাদমতো)
  • লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ
  • হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
  • তেল ১/৪ কাপ

টমেটো চাটনির জন্য

  • মাঝারি টমেটো ৪টি (দুই ভাগ করে কাটা)
  • রসুন ৭-৮ কোয়া
  • কাঁচা মরিচ ২-৩টি
  • পানি ১/২ কাপ
  • পেঁয়াজ কুচি ১টি
  • ধনে পাতা কুচি ২-৩ টেবিল চামচ
  • ধনে পাতা (উপর ছিটানোর জন্য) পরিমাণমতো

রান্নার পদ্ধতি

প্রথমে একটি ছোট বাটিতে ধনে গুড়াঁ, চাট মসলা, লবণ, লাল মরিচ আর হলুদ মিশিয়ে রাখুন। বেগুনগুলো মাঝখান থেকে কেটে তার ওপরে লম্বা আর আড়াআড়ি করে হালকা চির ধরান, যাতে মসলা ভালোভাবে ঢুকে যায়। মিশ্রিত মসলা বেগুনের ওপরে ছিটিয়ে দিন। আর চাটনির জন্য সামান্য মসলা রেখে দিন।

এবার কড়াইয়ে তেল গরম করে অল্প আঁচে বেগুনগুলো ভাজতে দিন ৪-৫ মিনিট। একপাশ ভাজা হলে উল্টে দিন, ঢেকে আবার ৪-৫ মিনিট রান্না করুন। এবার তুলে রেখে দিন।

বানিয়ে নিন টমেটো চাটনি

একই কড়াইয়ে টমেটো, রসুন, কাঁচা মরিচ আর আধা কাপ পানি দিন। ঢেকে দিন। অল্প আঁচে ৪-৫ মিনিট রাখুন। টমেটোর খোসা ছাড়িয়ে নিন। এবার আঁচ বন্ধ করে চটকে নিন। এর মধ্যে দিন কাঁচা পেঁয়াজ কুচি, ধনে পাতা, আর আগে থেকে রাখা মসলা। ভালোভাবে মিশিয়ে নিন।

এবার মাঝারি আঁচে ৪-৫ মিনিট রান্না করুন। শেষে উপরে ছিটিয়ে দিন আরেকটু কাটা ধনে পাতা। ব্যস, তৈরি আপনার ঝাল-মসলাদার টমোটের চাটনি। এক প্লেট খিচুড়ি সাথে বেগুন ভাজি আর টমেটোর এই মজাদার চাটনি দিয়ে পরিবেশন করুন।

টিপস

  • বেগুন ভাজার সময় ঢেকে রান্না করলে তেল কম লাগে।
  • চাটনিতে চাইলে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন বাড়তি টক স্বাদের জন্য।