ক্যারামেল ক্রাঞ্চ হট চকোলেট ফ্লোটের রেসিপি

আসছে শীত। এই সময়ে গরম এক কাপ চকোলেট ড্রিঙ্কের বিকল্প নেই। আর যদি তার সঙ্গে থাকে ক্যারামেলের মিষ্টি স্বাদ ও ক্রাঞ্চি কনের মজা, তাহলে তো কথাই নেই। ঘরোয়া উপকরণেই তৈরি করে ফেলতে পারেন দারুণ স্বাদের ক্যারামেল ক্রাঞ্চ হট চকোলেট ফ্লোট। রইল রেসিপি।

উপকরণ

  • ক্যারামেল ক্রাঞ্চ কন ২টি
  • দুধ ২ কাপ
  • ডার্ক চকোলেট (কুচানো) ৫০ গ্রাম
  • কাস্টার সুগার ২ চা-চামচ
  • কোকো পাউডার ২ টেবিল চামচ
  • কর্নফ্লাওয়ার ১ চা-চামচ
  • দারচিনি গুঁড়া ১/৪ চা-চামচ
  • লবণ ১ চিমটি
  • হুইপড ক্রিম পরিমাণমতো
  • সাজানোর জন্য কোকো পাউডার সামান্য

প্রস্তুত প্রণালী

প্রথমে ক্যারামেল ক্রাঞ্চ কন থেকে আইসক্রিম আলাদা করে নিন এবং একটি সসপ্যানে রাখুন। কনটি ফাঁকা রেখে দিন, পরে সাজানোর কাজে লাগবে। এবার সসপ্যানে দুধ, ডার্ক চকোলেট, চিনি, কোকো পাউডার, কর্নফ্লাওয়ার, দারচিনি গুঁড়া ও এক চিমটি লবণ দিন। মাঝারি আঁচে চুলা জ্বালিয়ে হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। দুধ সামান্য ঘন হয়ে এলে নামিয়ে নিন। তারপর একটি জগে ঢেলে রাখুন।

সাজানোর জন্য ফাঁকা কনটি কাটিং বোর্ডে রাখুন। নিচের ছোট অংশ (টিপ) কেটে আলাদা করুন। বাকি কনটি হাত দিয়ে হালকা করে চূর্ণ করে নিন। পরিবেশনের জন্য একটি কাপ নিন। তাতে গরম চকোলেট ঢালুন। উপরে হুইপড ক্রিম দিন, কনের টিপ বসিয়ে দিন। আর উপর থেকে ছড়িয়ে দিন কুচানো কনের টুকরো ও সামান্য কোকো পাউডার। ব্যস তৈরি মজার ক্যারামেল ক্রাঞ্চ হট চকোলেট ফ্লোট।