ঈদ মানেই আনন্দ, আড্ডা আর পছন্দের সব খাবারের আয়োজন। তবে কয়েক দিন টানা পোলাও, বিরিয়ানি, কোরমা, কাবাব আর মিষ্টিজাতীয় খাবার খাওয়া। এতে অনেক সময় শরীর ক্লান্ত হয়ে পড়ে। পেট ভার লাগা, অরুচি, গ্যাস বা অস্বস্তি এসব সমস্যা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। তাই উৎসব শেষে শরীরকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে দরকার একটু সচেতনতা।
দিন শুরু হোক হালকা দিয়ে
ঈদের পরদিন থেকেই ভারী নাশতার বদলে হালকা কিছু দিয়ে দিন শুরু করুন। যেমন- ওটস, সবজি খিচুড়ি বা ফল। এতে পেটের ওপর চাপ কম পড়ে এবং ধীরে ধীরে হজমশক্তি স্বাভাবিক হতে শুরু করে।
বেশি তেল-মসলা থেকে বিরতি
কয়েক দিন টানা মসলাদার খাবার খাওয়ার পর পরিপাকতন্ত্র কিছুটা ‘বিরতি’ চায়। তাই রান্নায় তেল ও মসলার ব্যবহার কমিয়ে দিন। সেদ্ধ, ভাপা বা হালকা ঝোল ধরনের খাবার বেছে নিন।
প্রাকৃতিক পানীয়তে ভরসা
ঠান্ডা পানীয় বা সফট ড্রিংকসের বদলে প্রাকৃতিক পানীয় বেছে নিন। লেবুর শরবত, ডাবের পানি বা ঘরে বানানো ফলের জুস শরীরকে সতেজ রাখে এবং হজমে সহায়তা করে।
ফলমূলের অভ্যাস গড়ে তুলুন
ঈদের সময় অনেকেই ফল খাওয়া কমিয়ে দেন। কিন্তু পেট ভালো রাখতে ফলের বিকল্প নেই। প্রতিদিন অন্তত ২-৩ ধরনের ফল রাখার চেষ্টা করুন। বিশেষ করে কলা, আপেল, পেঁপে এসব খাবার হজমের জন্য উপকারী।
সময়মতো খাওয়ার অভ্যাস
ঈদের ছুটিতে অনেকেরই খাবারের সময়সূচি এলোমেলো হয়ে যায়। কখনো দেরিতে খাওয়া, কখনো অতিরিক্ত খাওয়া। এসব অভ্যাস পেটের সমস্যার কারণ হতে পারে। তাই নির্দিষ্ট সময় মেনে খাবার খাওয়ার চেষ্টা করুন।
পর্যাপ্ত ঘুম জরুরি
শুধু খাবার নয়, ঘুমেরও বড় প্রভাব আছে হজমের ওপর। রাত জেগে আড্ডা বা টিভি দেখার অভ্যাস কমিয়ে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। এতে শরীর দ্রুত সুস্থ হয়ে উঠবে।
হালকা ব্যায়াম রাখুন
ঈদের পরে অনেকেই অলস হয়ে পড়েন। কিন্তু প্রতিদিন অন্তত ২০-৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম শরীরকে চাঙা রাখে। এটি হজমপ্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।
হঠাৎ করে খুব কম খাওয়া বা কঠোর ডায়েট শুরু করা ঠিক নয়। এতে শরীর দুর্বল হয়ে যেতে পারে। বরং ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে আসুন।
ঈদের আনন্দ যেন শুধু খাবারে সীমাবদ্ধ না থাকে। সুস্থ শরীর নিয়েই উপভোগ করুন প্রতিটি মুহূর্ত। একটু সচেতন হলেই উৎসবের পরও আপনি থাকতে পারবেন ফিট ও সতেজ।