টানা বৃষ্টিতে ঘরে ভ্যাপসা গন্ধ কীভাবে দূর করবেন?

কখনও ঝিরিঝিরি পড়ছে, আবার কখনও নামছে ঝুম বৃষ্টি। এক কথায়, সারাদিনই হচ্ছে বৃষ্টি। এতে তাপমাত্রা কিছুটা কমলেও, চারদিকে তৈরি হচ্ছে স্যাঁতস্যাতে ভাব। এই সময়টাতে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় জামাকাপড় শুকাতেও বেশি সময় লাগছে। এমনকি দেয়ালও ভিজে থাকছে। সবকিছু মিলে ঘরজুড়ে বিরাজ করছে খুব বাজে গন্ধ। তবে এই টিপসগুলো মানলে আপনার ঘর হবে সুগন্ধময়।

  • গন্ধ দূর করতে সবার আগে ঘরে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা রাখতে হবে। তার জন্য অবশ্যই ঘরের দরজা-জানালা খোলা রাখতে হবে। তাহলে ঘরে গুমোটভাবও থাকবে না। আর গন্ধ হওয়ার সম্ভাবনাও কম থাকবে। কারণ ঘরের ভেন্টিলেশন ঠিকঠাক থাকলে সেখানের পরিবেশও স্বাস্থ্যকর থাকে। দুর্গন্ধও কমে যায়।
  • একটি পাত্রে কিছুটা পানি ফুটিয়ে নিয়ে, তাতে শুকনো লেমন গ্রাস যোগ করুন। তারপর আরও ১০ মিনিট ফুটিয়ে নিন। এবার ঠান্ডা হলে, একটি স্প্রে বোতলে কিছুটা মিশ্রণ নিন। তাতে যোগ করুন কয়েক ফোঁটা লেমন গ্রাস অয়েল এবং পিপারমিন্ট অয়েল। এবার সেটি ঘরে স্প্রে করুন। দেখবেন ঘরে গন্ধ দূর হয়ে গিয়েছে।
  • একটা স্প্রে বোতলে পর্যাপ্ত পরিমাণে ডিসটিলড ওয়াটার নিন। তাতে মেশান ৫ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল এবং রোজমেরি এসেনশিয়াল অয়েল। তারপর ২ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়ালও মেশান। প্রতিটি উপকরণ ভালোভাবে মেশানোর পর সারা ঘরে স্প্রে করুন। সুগন্ধ অটুট থাকবে, পোকামাকড়ও দূর হবে।
  • প্রতিদিন নিশ্চয় একবার হলেও ঘরের মেঝে মোছেন। এই ঘর মোছার পানিতে সুগন্ধি ফ্লোর ক্লিনার এবং অ্যান্টিসেপটিক মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ দিয়ে ঘর মুছুন। তাহলে পুরো বাড়িতে সুগন্ধ ভরপুর থাকবে।