ঘর কমবেশি সবাই পরিষ্কার রাখেন। তবু সোফার পেছনের ধুলার আস্তরণ, বেসিনের হলদেটে দাগ, লাইটে জমে থাকা ময়লা প্রতিদিন কারো পক্ষেই পরিষ্কার করা সম্ভব হয় না। যতই দিন অতিবাহিত হতে থাকে, এসব ময়লা-ধুলাও ততো বাড়ে। অথচ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যই ঘর পরিষ্কার রাখাটা খুব প্রয়োজন।
মাসে অন্তত একটা দিন রাখুন, যেদিন আপনিও নিজের ঘরকে করে তুলবেন একদম গভীর থেকে পরিষ্কার।
শোকেস, ফ্রিজ, আলমারি ইত্যাদি ভারি ফার্নিচার সরাতে গেলে অনেক সময় মেঝেতে দাগ হয়ে যায়। এসব ক্ষেত্রে ফার্নিচারের তলায় পুরনো কাপড় রেখে ফার্নিচার টানতে পারেন।এছাড়া অনলাইনে ফার্নিচার সরানোর জন্য আধুনিক যন্ত্রপাতি পাওয়া যায় আজকাল। চাইলে এসব যন্ত্রপাতির সাহায্যও নিতে পারেন।
মাসে একবার সাবান পানিতে ডিটারজেন্ট মিশিয়ে জানালার গ্রিল, কাঁচ ধুয়ে নিন। তবে এর আগে অবশ্যই পুরোনো সুতির কাপড় দিয়ে গ্রিলের ধুলা ঝেড়ে নেবেন।
ঘরের মেঝে নিয়মিত পরিষ্কার করা হলেও সোফার পেছনে, খাটের নিচে, টেবিলের কোণা প্রভৃতি আমরা পরিষ্কার করি না। ফলে এসব জায়গায় ময়লার পুরু স্তর জমে যায়। এ ধরণের জায়গা পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ওপরের আলগা ধুলা প্রথমে পরিষ্কার করে নিন। এরপর বালতিতে ডিটারজেন্ট মিশিয়ে ঘরের কোণাগুলো মুছে ফেলুন।
বাসায় ছোট শিশু থাকলে, তার মধ্যে পিকাসো ভর করবেই। আর বাসার দেয়ালজুড়ে থাকবে তার রঙিন আঁকিবুকি। ভেজা স্পঞ্জ বা কাপড়ে বেকিং সোডা নিয়ে দেয়ালের এসব দাগ মুছে ফেলুন।
আমাদের ঘরে লাগানো লাইটগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে ধুলার আস্তরণ পড়ে। এমনটি টিউবলাইটে বেশি দেখা যায়। এতে আলোর উজ্জ্বলতা কমে আসে। এক মগ পানিতে লিকুইড সাবান মেশান। এবার একটি তোয়ালে পানিতে মিশিয়ে, সেটিকে নিংড়ে আলতোভাবে লাইট মুছে নিন। এরপর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিন, যেন পানি না থাকে।
বাথরুমের আয়নাতেও প্রায়ই পানির দাগ পড়ে যায়। পুরনো খবরের কাগজে গ্লাস ক্লিনার নিয়ে কাচ মুছে ফেলুন।
বাসা রং করার সময় জানালার কাঁচে রঙ লেগে যাওয়া স্বাভাবিক। রং মিস্ত্রিরাই সাধারণত এই রং পরিষ্কার করে দেন। তবু যদি কিছু রং থেকে যায়, তাহলে পাতলা কাপড়ে ভিনেগার মিশিয়ে কাঁচ মুছে ফেলুন। দাগ উঠে যাবে।
ঘরে নতুন রং করার পর অনেক সময় হোয়াইট ওয়াশের দাগ পড়ে যায়। বাসনকোসন ধোয়ার জন্য যে তারের জালি পাওয়া যায়, তার সাহায্যে জায়গাটা ঘষে ফেলুন। বাসায় নারকেলের ছোবড়া বা ধুন্দলের খোসা থাকলে তা দিয়েও ঘষতে পারেন।
আবার বেসিন যতোই পরিষ্কার রাখুন না কেন? একসময় পানি পড়ে হলুদ দাগ হবেই। ভিনেগার বা লেবু দিয়ে ঘষলে এই দাগ উঠে যাবে।