শীত মানেই শুধু গরম চায়ের আড্ডা নয়। তৈরি করতে পারেন আরামদায়ক এক পরিবেশ। নিজের বারান্দাও করে তুলতে পারেন নান্দনিক। এমন একটি বারান্দা, যেখানে বসে পড়ার সঙ্গে সঙ্গে চোখ ভরে ওঠে সৌন্দর্য ও শীতের উষ্ণতার ছোঁয়ায়। দেখে নিন, কীভাবে সহজেই বারান্দাকে নতুন রূপ দেওয়া যায়।
ওয়ার্ম কালার দিয়ে সাজান
শীতের সময়ে হালকা রোদ, নরম বাতাস আর স্বস্তির পরিবেশে বারান্দা আরও প্রাণবন্ত করতে পারে সঠিক রঙের ব্যবহার। নরম কুশন, বোনা থ্রো বা হাতের তৈরি কার্পেট দিয়ে বারান্দাকে উষ্ণ করুন। গাঢ় রং যেমন ওকার, বর্গান্ডি, মাস্টার্ড বা অলিভ গ্রিন বেছে নিলে শীতের আবহ আরও স্পষ্ট হবে। চাইলে মাল্টি কালার কম্বিনেশনও করা যায়, যা একদিকে আর্কষণ বাড়াবে, অন্যদিকে জায়গাটিকে প্রাণবন্ত করে তুলবে। চেয়ার বা বেঞ্চের সিটে সিট-প্যাড ব্যবহার করলে বসতেও আরাম হবে।
গাছের মাধ্যমে প্রাণের স্পর্শ
শীতের ব্যস্ততার মধ্যে বারান্দায় কিছু সবুজ স্পর্শ যোগ করতে পারেন। পিটুনিয়া, গাঁদা, কার্নেশন, ডায়ানথাস কিংবা ক্যাকটাস ও সাকুলেন্ট রাখতে পারেন। বড় টবের সঙ্গে ছোট টব মিলিয়ে সাজালে আরও আকর্ষণ বাড়বে। বিশেষভাবে ডিজাইন করা টব বা সেরামিক পট ব্যবহার করলে আরও নান্দনিকতা যোগ হয়। ঝোলানো পট, রেলিং প্ল্যান্টার বা তাকেও গাছ রাখার জন্য ব্যবহার করা যেতে পারে। এতে বারান্দার জায়গা বাঁচে, আর ভিজ্যুয়াল এফেক্টও সুন্দর হয়।
সঠিক লাইটিংয়ের জাদু
শীতের সন্ধে দ্রুত নেমে আসে, তাই আলোতে পরিবর্তন এনে বারান্দার পরিবেশ বদলে দেওয়ার সুযোগ আছে। ফেয়ারি লাইট, ওয়ার্ম হলুদ টোনের লণ্ঠন বা এলইডি ক্যান্ডল ব্যবহার করলে রাতের সময়ে উষ্ণতা ও স্নিগ্ধতা অনুভূত হয়। বাজারে বা অনলাইনে বারান্দার জন্য বিশেষ ধরনের বাহারি লাইট পাওয়া যায়। মনে রাখুন, সঠিক আলো কেবল পরিবেশ সুন্দরই করে না, মেজাজও উজ্জ্বল করে।
বসার জায়গার আয়োজনে কৌশল
বারান্দার আকার অনুযায়ী ফোল্ডিং চেয়ার, কাঠের বেঞ্চ বা উইন্ডোর কুশন দিয়ে আরামদায়ক কোণ তৈরি করা যায়। ছোট সেন্টার টেবিল বা টুল রাখলে বই, ট্রে বা ছোট গাছ রাখতে সুবিধা হয়। যদি জায়গা খুব ছোট হয়, তবে ফ্লোরে বসার ব্যবস্থা করতে পারেন। ম্যাট, কুশন বা ছোট চেয়ার দিয়ে সজ্জা করলে বারান্দা দেখতেও চমৎকার হবে।
সাজে চমক যোগ করুন
রঙিন লণ্ঠন, ছোট উইন্ডচাইম, টেরাকোটা শো-পিস, মাটির পাত্র বা হাতে রঙ করা পট দিয়ে ছোট ছোট আকর্ষণ তৈরি করা যায়। মাটির পাত্রে নকল পদ্ম ভাসিয়ে দিতে পারেন, সঙ্গে সুগন্ধি প্রদীপ জ্বালালে আরও রোমান্টিক পরিবেশ তৈরি হবে। চাইলে বারান্দার এক কোণে ছোট বুকশেলফ বা আর্টওয়ার্কও রাখা যায়।
পরিচ্ছন্নতার দিকে নজর
শীতে ধুলো জমে বেশি, তাই নিয়মিত পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। গাছের শুকনো পাতা ঝেড়ে ফেলুন, কার্পেট বা থ্রো মাঝে মাঝে রোদে দিন। টবের মাটি আলগা করে জল দিন, যাতে কাদা জমে না।
এই সব ছোট ছোট পরিবর্তনই শীতের দিনে বারান্দাকে করে তুলবে আপনার প্রিয় স্থান। যেখানে চা, বই, গল্প কিংবা উইকএন্ড পার্টি সবই আরও আনন্দদায়ক হবে। শীতের এই মরশুমে আপনার বারান্দা হোক আরামদায়ক, নান্দনিক এবং প্রাণবন্ত।