বাড়ি কি শুধু থাকার জায়গা, নাকি মানসিক প্রশান্তির আশ্রয়? ২০২৬ সালের ইন্টেরিয়র ডিজাইনের ভাবনায় এই প্রশ্নটাই সামনে আসছে বারবার। চোখে লাগা ঝলমলে রং, অতিরিক্ত নকশা কিংবা নাটকীয় সাজের জায়গা নিচ্ছে শান্ত, ভারসাম্যপূর্ণ ও আবেগ, সচেতন ঘরবাড়ি। এই বদলে যাওয়া ধারার কেন্দ্রেই উঠে এসেছে একটি রং, ট্রান্সফরমেটিভ টিল বা রূপান্তরিত টিল। ডিজাইনারদের ভাষায়, এটি ২০২৬ সালের ‘রিস্টোরেটিভ হোম’ নান্দনিকতার প্রতীক।
সাম্প্রতিক বছরগুলোতে মানুষ ঘরে ফিরতে চায় একটু শান্তি খুঁজতে। কর্মব্যস্ত জীবন, সারাক্ষণ স্ক্রিনে ডুবে থাকা আর শহুরে কোলাহলের ভিড়ে ঘর যেন হয়ে উঠছে নিজের সঙ্গে নিজে থাকার জায়গা। সেই প্রয়োজন থেকেই ইন্টেরিয়র ডিজাইনে গুরুত্ব পাচ্ছে এমন রং ও উপকরণ, যা চোখ ও মন—দু’টিকেই আরাম দেয়। রূপান্তরিত টিল ঠিক সেই জায়গাটাতেই জায়গা করে নিচ্ছে।
ট্রেন্ডনির্ভর উজ্জ্বল রং বা একেবারে সাদামাটা নিরেট নিউট্রালের মতো নয় এই টিল। এটি নীল আর সবুজের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে এমন এক ভারসাম্য তৈরি করে, যা নিজেকে জাহিরও করে না, আবার হারিয়েও যায় না। নীলের স্থিরতা আর সবুজের সতেজতা, দু’য়ের মিশ্রণে এই রং ঘরে এনে দেয় শান্ত ভাব, সঙ্গে থাকে নীরব আশাবাদ।
ডিজাইনক্যাফের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা গীতা রামানন বলেন, ‘ঘর এমন একটি জায়গা যা আবেগকে নিয়ন্ত্রণ করবে, অতিরিক্ত উদ্দীপিত করবে না। রূপান্তরিত টিল সেই চাহিদারই রঙিন উত্তর। এই রং শোবার ঘর, বসার ঘর কিংবা পড়াশোনার জায়গায় যেমন মানানসই। তেমনি রান্নাঘরেও এটি স্বস্তির আবহ তৈরি করতে পারে।’
আগে টিলকে অনেক সময় ছোটখাটো অ্যাকসেন্ট রং হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু ২০২৬ সালের দিকে তাকালে দেখা যাচ্ছে, এটি ধীরে ধীরে ঘরের রঙের ভিত্তি হয়ে উঠছে। দেয়াল, ওয়ারড্রোব, মডুলার রান্নাঘর কিংবা গদি দেওয়া আসবাবে টিল ব্যবহার করলে জায়গাটি চোখে শান্ত লাগে, অথচ একঘেয়ে হয়ে ওঠে না। ডিজাইনারদের মতে, এই রং দৃশ্যমান বিশৃঙ্খলা শোষণ করে নেয় এবং ধীর, সচেতন জীবনযাপনের অনুভূতিকে সমর্থন করে।
উপকরণের সঙ্গে মেলবন্ধনেও টিলের আলাদা শক্তি আছে। উষ্ণ নিউট্রাল রং, কাঠের টেক্সচার কিংবা পিতলের সঙ্গে মিললে এই রং ঘরকে ভারী না করে বরং আরামদায়ক ও নিরাপদ অনুভূতি দেয়। ভারতীয় ঘরের ক্ষেত্রে এই উষ্ণতা ও স্পর্শকাতরতা বিশেষ গুরুত্বপূর্ণ, আর এখানেই টিল হয়ে ওঠে অত্যন্ত উপযোগী।
রঙটির সাংস্কৃতিক যোগসূত্রও কম নয়। জাফরান, টেরাকোটা কিংবা সোনালি হলুদের সঙ্গে টিল মিললেই মনে পড়ে যায় ভারতীয় কারুশিল্প, উৎসব আর বস্ত্রের কথা। ফলে এই রঙের গল্প একদিকে যেমন শিকড়ে গাঁথা, অন্যদিকে তেমনি আধুনিক। পরিচিত, কিন্তু পুরোনো নয়।
রূপান্তরিত টিল কোনো চাপিয়ে দেওয়া ট্রেন্ড নয়। এটি কেবল এমন এক অনুভূতিকে সমসাময়িক ভাষা দিচ্ছে, যা মানুষ বহুদিন ধরেই মনে মনে খুঁজছিল। সম্ভবত এই নীরব আত্মবিশ্বাসই ২০২৬ সালের ঘরবাড়ির রঙ নির্ধারণ করে দেবে। শান্ত, ভারসাম্যপূর্ণ আর মনকে ফিরিয়ে দেওয়ার মতো এক আশ্রয়।